অস্ট্রেলিয়ার জার্সিতে এমন একটা দিনের স্বপ্ন দেখেছিলেন কি না, তা জানেন একমাত্র তিনিই। তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শনিবার সেই স্বপ্নই বাস্তবে পরিণত হল দিল্লির ছেলে নিখিল চৌধুরীর। বাবা-মা প্রথমবার গ্যালারিতে বসে তাঁর খেলা দেখছেন। আর সেই ম্যাচেই ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে জেতালেন ২৯ বছরের অলরাউন্ডার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরার পুরস্কারও উঠল নিখিলের হাতে।
১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেই পরিস্থিতি থেকে দলকে জয়ের সরণিতে নিয়ে যান নিখিল। ৩৮ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মারেন ছ’টি চার ও দু’টি ছক্কা। তাঁর ইনিংসের সৌজন্যে এমসিজিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির গড়ল অস্ট্রেলিয়া। ম্যাচের পর আবেগঘন নিখিল জানালেন, বাবা-মায়ের সামনে এমন সাফল্যের স্বাদ পাওয়া আলাদা অনুভূতি। তাঁর কথায়, “সত্যি বলতে, অস্ট্রেলিয়ার হয়ে এমসিজিতে ম্যাচের সেরা হওয়ার কথা কখনও কল্পনাও করিনি। গত রাতে ভারত থেকে আমার বাবা-মা এসেছেন। তাঁদের সামনে ম্যাচের সেরার পুরস্কার পাওয়ার চেয়ে ভালো কিছু হতে পারত না। এই প্রথম তাঁরা আমার খেলা দেখতে এসেছিলেন।”
Nikhil Chaudhary wins his first Player of the Match award in front of his parents who flew in from Dehli to be there!
#AUSvENG | Catch the T20Is LIVE and ad-break free during play. Only on FOX CRICKET, available on Kayo. https://t.co/iveaMmJfjs
— Kayo Sports (@kayosports) November 21, 2026
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮৭ রান তোলে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় রানের ভিত তৈরি হয়। ২৮ বলে ৬৫ রান করেন তিনি। ছ’টি ছক্কা ও চারটি চার দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গত দেন টম ব্যান্টন। ২২ বলে ৩৯ রান করেন তিনি। তৃতীয় উইকেটে দু’জনের ৯৭ রানের জুটি ইংল্যান্ডকে বড় রানের দিকে এগিয়ে দেয়। তবে সেই জুটি ভাঙার দায়িত্ব নেন নিখিল। ভয়ংকর হয়ে ওঠা ব্রুককে আউট করেন তিনি। তাঁর বলেই সাজঘরে ফেরেন ব্যান্টনও। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন দিল্লির অলরাউন্ডার।

রান তাড়া করতে নেমে অবশ্য শুরু থেকেই স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া। জেক ফ্রেজার ১ রান করে ফেরেন। তবে ১৫ বলে ৩২ রান করে ধাক্কা সামলান স্যাম হার্পার। অধিনায়ক মিচেল মার্শের ব্যাট থেকে আসে ৩৭ রান। তিনিও বড় ইনিংস খেলতে পারেননি। মার্শ ফেরার পর নিজ কাঁধে দায়িত্ব তুলে নেন নিখিল। তিনিই ম্যাচে ফেরান অজি দলকে। এমনকী এক হাতে ছক্কা মেরে এমসিজির দর্শকদের উচ্ছ্বাসে ভাসান তিনি। মনে হচ্ছিল, দলকে একাই জিতিয়ে মাঠ ছাড়বেন। কিন্তু ১৮তম ওভারে জেমি ওভারটনের বলে আউট হন নিখিল। তখনও শেষ দু’ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২০ রান।
শেষ দিকে অবশ্য অঘটন ঘটতে দেননি জ্যাক এডওয়ার্ডস। মাত্র ১১ বলে অপরাজিত ২৫ রান করেন তিনি। শেষ ওভারে স্যাম কারেনকে ছক্কা মেরে জেতান এডওয়ার্ডস। ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান তুলে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মঙ্গলবার, ২৪ নভেম্বর কুইন্সল্যান্ডের কারারা ওভালে। প্রথম ম্যাচে হারের পর সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে নামবে ইংল্যান্ড। আর নিখিলের দুরন্ত পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া চাইবে ব্যবধান আরও বাড়াতে।
ONE-HANDED SIX? Don’t know if we’ve ever seen anything like this before from Nikhil Chaudhary
#AUSvENG https://t.co/ayGWuuTGRW
— cricket.com.au (@cricketcomau) November 21, 2026
কোভিডের আগে পর্যন্ত রাজধানী দিল্লিতে জন্মানো নিখিল ক্রিকেট খেলেছেন পাঞ্জাবের হয়ে। লিস্ট এ’র ১৪টি ম্যাচ খেলেছেন। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আটকে পড়েন অতিমারির জেরে। বাধ্য হয়ে অজিভূমেই নানা কাজ করতে বাধ্য হন। একটা সময়ে পোস্টম্যানের চাকরিও করেছেন। পাশাপাশি চালিয়ে গিয়েছেন ক্রিকেটও। স্থানীয় লিগে ম্যাচ খেলতেন। সেখানেই সৌভাগ্যবশত প্রাক্তন অজি অলরাউন্ডার জেমস হোপসের নজরে পড়ে যান নিখিল। ধীরে ধীরে বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসের স্কোয়াডে জায়গা করে নেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। উল্লেখ্য, ১৯৬৪ সালে গুজরাট জন্মানো রেক্স সেলার্স খেলেছেন অজিদের জার্সিতে। কলকাতায় ভারতের বিরুদ্ধে টেস্ট খেলেছেন। পুণেতে জন্ম হয়েছিল অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের মধ্যে সর্বকালের অন্যতম সেরা লিসা স্থালেকরের। এবার দিল্লিতে জন্মানো নিখিল খেললেন অস্ট্রেলিয়ার জার্সিতে।

#AUSvENG | Catch the T20Is LIVE and ad-break free during play. Only on FOX CRICKET, available on Kayo. https://t.co/iveaMmJfjs
#AUSvENG https://t.co/ayGWuuTGRW