ধনেপাতা ছাড়া শীতের খাবার যেন জমে না। তাই শীতকালীন বাজারের ব্যাগে ধনেপাতা কিনবেনই গৃহস্থ। বাড়ি নিয়ে আসার মাত্র ২-৩দিনে পচে, গলে একাকার কাণ্ড। তবে কয়েকটি সহজ উপায় অবলম্বনে ফ্রিজে রাখা ধনেপাতা থাকবে একেবারে বাজার থেকে কেনার মতোই তরতাজা।
কেন তাড়াতাড়ি ধনেপাতা পচে যায়?
- পাতা তুলনামূলক তাড়াতাড়ি আর্দ্র হয়ে যায়।
- বাতাস চলাচলের অভাব।
- ইথিলিন গ্যাসের সংস্পর্শে আসা।
- বাজার থেকে আনার পর সঠিকভাবে ধুয়ে শুকিয়ে না রাখা।
কেনার সময় কী খেয়াল রাখা প্রয়োজন:
- ধনেপাতা ডাঁটা যেন সতেজ ও শক্ত থাকে।
- ধনেপাতাগুলি যেন উজ্জ্বল সবুজ রঙের হয়।
- হলুদ কিংবা পিচ্ছিল দাগওয়ালা ধনেপাতা কিনবেন না।
- তাজা ধনেপাতায় সুগন্ধ থাকে। সেটি না থাকলে না কেনাই ভালো।
কীভাবে ফ্রিজে ধনেপাতা রাখবেন?
- ফ্রিজে খুলে রাখবেন না। প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে রাখুন। প্লাস্টিকের ব্যাগে যাতে হাওয়া চলাচলের বন্দোবস্ত থাকে সেদিকে খেয়াল রাখুন।
- আলতো করে ধনেপাতা ধুয়ে শুকিয়ে নিন। সামান্য ভেজা পেপার টাওয়েলে পাতাগুলো মুড়িয়ে নিন। একটি জিপ লক ব্যাগ বা বায়ুরোধী পাত্রে রাখুন। ফ্রিজের সবজি রাখার বক্সে রাখুন।
- ধনেপাতা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। একটি বায়ুরোধী পাত্রের নিচে শুকনো কাগজ পেতে নিন। ধনেপাতাগুলো আলগা স্তরে সাজিয়ে রাখুন।
- এক বাটি জলে ১ চা চামচ হলুদ মিশিয়ে নিন। ধনেপাতাগুলো ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে পুরোপুরি শুকিয়ে নিন। তোয়ালে বা কোনও পাত্রে রেখে সংরক্ষণ করুন।
ধনেপাতা সংরক্ষণে এই ভুলগুলি করবেন না:
- ফয়েলে মুড়ে ধনেপাতা রাখবেন না। তাতে তাড়াতাড়ি পচে যেতে পারে।
- ভেজা ধনেপাতা না শুকিয়ে ফ্রিজে ঢোকাবেন না।
এই টিপস কাজে লাগালেই গৃহিণীর চিন্তা দূর। দিনের পর দিন ধনেপাতা থাকবে তরতাজা।