Hashtagintro

সদগুরুর সঙ্গে কথা বলার সময় শাহরুখকে ইশারা! ভাইরাল অনন্তের ভিডিও

মুম্বইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের ‘কিং’ শাহরুখ খান (Shah Rukh Khan)। অমৃতা ফড়নবিশের ‘ডিভাইন ফাউন্ডেশন’ আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন সিনেমা, ক্রীড়া, ব্যবসা, আধ্যাত্মিকতা ও প্রশাসনিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তারকাখচিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর সিং থেকে অক্ষয় কুমার, ‘টুয়েলভথ ফেল’ অভিনেতা বিক্রান্ত মাসে, শিল্পপতি অনন্ত আম্বানি এবং আধ্যাত্মিক গুরু সদগুরু। তাঁর সঙ্গে শাহরুখের কথোপকথনের মাঝে এন্ট্রি নেন অনন্ত আম্বানি (Anant Ambani)। তারপর যা ঘটল, সেই মুহূর্তের ভিডিও ভাইরাল সোশাল মিডিয়ায়।

নেটভুবনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখের সঙ্গে আলিঙ্গন করছেন সদগুরু। কিং খানের হাত ধরে কথাবার্তা চলছিল দুজনের। আলাপচারিতার মাঝে দু-একবার সদগুরুর সামনে করজোড় করতেও দেখা যায় শাহরুখকে। আর তখনই সদগুরুর সঙ্গে দেখা করতে এগিয়ে আসেন মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি। অনন্তকে দেখেই পিঠ চাপড়ে শাহরুখ সদগুরুর কাছে প্রশংসা করছিলেন বলেই অনুমান।

কিন্তু, অনন্তের বাচনভঙ্গি দেখে মনে হচ্ছে, শাহরুখকে তিনি থামতে বলছেন। এমনকী আঙুল তুলেও থামার নির্দেশ দেন! সেই সময় অনন্তের মুখে হাসি থাকলেও শাহরুখ যেন একটু হলেও অস্বস্তিবোধ করছিলেন! সমাজমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। অনেকেই অনন্ত আম্বানির আচরণের সমালোচনা করছেন। কেউ আবার শাহরুখের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

কিংয়ের সমর্থনে এক নেটাগরিক লিখেছেন,’শাহরুখ খানকে আঙুল দেখানো উচিত হয়নি অনন্তের। পরিস্থিতি যাই হোক না কেন দুপক্ষেরই সম্মান প্রদর্শন করা উচিত। ভুলে গেলে চলবে না, শাহরুখ খান নিজের চেষ্টায় কেরিয়ার তৈরি করেছেন। কোনও প্রভাবশালী পরিবার বা শিল্পপতির সাম্রাজ্যের সমর্থন ছিল না।’ কেউ আবার হেঁয়ালি করে বলেছেন, ‘কিং নাকি ওয়েটার! বেচারাকে এমনভাবে বলল, দেখেই মনে হচ্ছিল মুখ লুকোচ্ছিল!’

ইন্ডাস্ট্রির তাবড় তারকারা বিজনেস টাইকুনদের সামনে মুখে কুলুপ এঁটে থাকেন বলেও টিপ্পনি কেটেছেন নেটপাড়ার এক সদস্য। অনেকের মতে আবার শাহরুখ আর অনন্তের সম্পর্কের সমীকরণ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। শাহরুখকে নিছকই মজার ছলেই বলেছেন অনন্ত। যদিও ভাইরাল ভিডিও প্রসঙ্গে শাহরুখের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language