শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তবর্তী সরকারে প্রধান হন মহম্মদ ইউনুস। তার আমল থেকেই পরিস্থিতির আরও অবনতি শুরু হয়। গোটা বাংলাদেশে সৃষ্টি হয় অরাজকতা। ইউনুসের প্রত্যক্ষ মদতে জ্বালিয়ে দেওয়া হয় শয়ে শয়ে আওয়ামি লিগের নেতা-কর্মীর বাড়ি। চলে গণহত্যাও। শুধু তাই নয়, জেল থেকে সন্ত্রাসবাদীদেরও মুক্ত করেছিলেন তিনি। তাঁর আমল থেকে বাংলাদেশে তুঙ্গে ওঠে ভারত বিরোধিতার হাওয়া। কিন্তু এবার নিজের লাগানো সেই ‘আগুনে’ই পুড়ছেন ইউনুস। জানা যাচ্ছে, অশান্ত বাংলাদেশে তাঁর গ্রামীণ ব্যাঙ্কের প্রায় ১০০টি শাখায় অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। অভিযোগের তির আওয়ামি কর্মীদের বিরুদ্ধে।
সোমবার একটি বিবৃতি জারি করেন ইউনুস। সেখানে তিনি বলেন, “গ্রামীণ ব্যাঙ্কে হামলা চলেছে। হামলাকারীদের জয় বাংলা স্লোগান দিতে শোনা গিয়েছে।” তিনি আরও বলেন, “গ্রামীণ ব্যাঙ্কের ১ কোটি ১০ লক্ষ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই মহিলা। ব্যাঙ্কের ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।” তবে তিনি স্পষ্ট করেছেন, গ্রামীণ ব্যাঙ্কের মালিকানা ও পরিচালনার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ইউনুস জানান, ব্যাঙ্কটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা। বাকি ১০ শতাংশের মালিক সরকার।
২০১১ সালে আওয়মি লিগ সরকার ইউনুসকে গ্রামীণ ব্যাঙ্কের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। তারপর থেকে ব্যাঙ্কটির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর বক্তব্য, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন। হামলায় ব্যাঙ্কের আধিকারিক এবং ঋণগ্রহীতারা অল্পের জন্য রক্ষা পান বলেও দাবি তাঁর। প্রাক্তন প্রধান উপদেষ্টার দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নুসরাত তাবাসসুমের বাড়িতেও লাগিয়ে দেওয়া হয়েছে। একই কাণ্ড ঘটানো হয়েছে বিএনপির তিন সাংসদের বাড়ি এবং তিনটি থানাতেও।
