Hashtagintro

‘জমি তৈরি তো?’ অশোক লেল্যান্ডের মালিকের ফোন মুখ্যমন্ত্রীকে, সিঙ্গুরে কারখানা তৈরিতে আরও একধাপ এগোল রাজ্য!

সিঙ্গুরে আসছে ভারী শিল্প! কারখানা গড়বে অশোক লেল্যান্ড তথা হিন্দুজা গ্রুপ! জমি তৈরি তো? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফোন করে এমন প্রশ্ন করলেন অশোক। সরকার জমি দিতে তৈরি বলে পালটা জানিয়েছেন শুভেন্দু। মঙ্গলবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। 

মঙ্গলবার একটি সাক্ষাৎকারে এই তথ্য দেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানান, এদিন সকালে তাঁকে ফোন করেছিলেন অশোক। তাঁর ছেলের বিয়েতে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ জানাতে ফোন করেছিলেন বলে জানিয়েছেন তিনি। কিন্তু কথা শুরু হয়েছে শিল্প নিয়ে। মুখ্যমন্ত্রী ওই সাক্ষাৎকারে বলেন, “সকালে অশোক ফোন করেছিলেন। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই আমাকে জিজ্ঞাসা করলেন, আমার জমি রেডি আছে তো? আমি জমি রেডি আছে বলে জানিয়েছি।” ডিসেম্বরের শুরুতেই মুম্বই যেতে পারেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের পালাবদলের অন্যতম কারণ তৃণমূল জমানায় শিল্পের বেহাল দশা! বিজেপি নির্বাচনের আগে প্রচার চালিয়েছিল তাঁরা ক্ষমতায় আসলে শিল্প ফিরিয়ে আনবে। বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর শিল্প আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক জায়গায় শিল্পের কথা হলে সিঙ্গুরের কী হবে? সেই প্রশ্ন উঠছিল।

নভেম্বরের শুরুতে নিউটাউনে শিল্পনীতি প্রকাশ করার সময় সিঙ্গুরের শিল্পের প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রী জানান, আশোক লেল্যান্ডের সঙ্গে এ বিষয়ে কথা হচ্ছে। তাঁর বক্তব্য ছিল, “সিঙ্গুরে কিছু একটা হবে।” তারপরই থেকে পারদ চড়তে শুরু করেছে। দিন কয়েক আগেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, সিঙ্গুরে ভারী শিল্প হবে। আসবে অশোক লেল্যান্ড। এবার মুখ্যমন্ত্রী ফের জানালেন, রাজ্যে বিনিয়োগ নিয়ে তাঁর সঙ্গে লেল্যান্ডের কথা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিল্পের জন্য জমি সমস্যা হবে না। রাজ্য নিজে জমি কিনে হস্তান্তর করবে।

প্রসঙ্গত, ‘ল্যান্ড পুলিংয়ে’র মাধ্যমে জমি কেনার কথা চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এই পদ্ধতিতে জমি দিতে ইচ্ছুক মালিকদের নিয়ে একটি সমবায় তৈরি হয়। সেখান থেকেই জমি বিক্রি করা হয়। রবিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হুগলিতে জমির ব্যবস্থা করার জন্য ওই জেলার জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার জানালেন অশোক লেল্যান্ডের সঙ্গে কথা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পিছনে সিঙ্গুরে জমি আন্দোলন ‘অনুঘটকে’র কাজ করেছে। এমনটাই দাবি করে রাজনৈতিক মহল। টাটাদের ন্যানো তৈরির জন্য বামফ্রন্ট সরকারের জমি নীতির বিরুদ্ধে গড়ে ওঠে আন্দোলন। সেখানে অবশেষে শিল্প হয়নি। তবে টাটাদের ফেলে যাওয়া সেই জমিতে চাষও হচ্ছে না বলে অভিযোগ। সেই সময় অনিচ্ছুক চাষিদের আক্ষেপ, না হল শিল্প, না হচ্ছে চাষ। পালাবদলের পর সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিল্প ঘোষণায় নতুন আশা বুক বাঁধছে সিঙ্গুরবাসী।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language