শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সৃজনী শিল্পগ্রাম। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ভারত সরকারের পরিচালনায় এই শিল্পগ্রামে দেশের বিভিন্ন প্রান্তের লোকশিল্প, হস্তশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন তুলে ধরা হয়। পর্যটকদের কাছে পরিচিত এই শিল্পগ্রামে দীর্ঘদিন ধরেই ব্যবসা করে আসছেন স্থানীয় হস্তশিল্পীরা। কিন্তু আচমকাই দোকান ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্তে তাঁদের মাথায় হাত। ব্যবসায়ীদের অভিযোগ, নতুন ভাড়ার শর্তে সম্মতি না দেওয়ায় তাঁদের শিল্পগ্রামে প্রবেশ এবং ব্যবসা করার ক্ষেত্রেও বাধা দিচ্ছে সৃজনী শিল্পগ্রাম কর্তৃপক্ষ।
ব্যবসায়ীরা জানান, প্রায় ১৮ বছর ধরে তাঁরা সৃজনী শিল্পগ্রামে ব্যবসা করছেন। প্রথম দিকে দৈনিক ১০ টাকা হিসেবে মাসে ৩০০ টাকা ভাড়া দিতে হত। পরবর্তী সময়ে সেই ভাড়া বেড়ে হয় মাসে ৬০০ টাকা। কিন্তু চলতি বছরের জুলাই মাসে একটি নোটিস দিয়ে মাসিক ভাড়া ৫ হাজার টাকা করার কথা জানানো হয়। এরপর ফের নতুন নোটিসে ভাড়া বাড়িয়ে ৬ হাজার টাকা করা হয়েছে। এর সঙ্গে পণ্য ও পরিষেবা কর যোগ হলে মাসিক খরচ দাঁড়াচ্ছে প্রায় ৮ হাজার টাকা। একাংশ ব্যবসায়ীর অভিযোগ, শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে যে পরিমাণ বিক্রি হয়, তাতে এত বিপুল ভাড়া দিয়ে ব্যবসা চালানো কার্যত অসম্ভব। শুধু ভাড়া বৃদ্ধি নয়, প্রায় ৭৩টি শর্ত-সংবলিত একটি চুক্তিপত্রে সই করার জন্যও চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। চুক্তিপত্রে দোকানের শাটার, ছাদ এবং বিদ্যুৎ পরিষেবার উল্লেখ থাকলেও বাস্তবে সেই সুবিধাগুলি মেলে না।
ব্যবসায়ী শম্পা মণ্ডল দাস বলেন, “হঠাৎ নোটিস দিয়ে এত টাকা চাওয়া হচ্ছে। আমরা এত টাকা কীভাবে দেব? এতদিন সরকারকে নিয়মিত টাকা দিয়েছি। এখন মাসে ৬ হাজার টাকা করে চাওয়া হচ্ছে। আমাদের পক্ষে তা দেওয়া সম্ভব নয়। আগে চুক্তি অনুযায়ী মাসে ৬০০ টাকা করে ভাড়া দিয়েছি”। ব্যবসায়ী অচিন্ত্য বাগদির অভিযোগ, “আমরা প্রতিদিন ৩০ টাকা হিসেবে মাসে ৬০০ টাকা ভাড়া দিতাম। পরে মৌখিকভাবে ৫ হাজার টাকা দিতে বলা হয়। সেটা আমাদের পক্ষে অসম্ভব। এরপর আড়াই হাজার টাকার একটি নোটিস দেওয়া হয়। তাতে আমরা রাজি হয়েছিলাম। কিন্তু ফের নতুন করে ৬ হাজার টাকা চাওয়া হচ্ছে। জিএসটি যোগ করলে প্রায় ৮ হাজার টাকা দিতে হবে। এখানে যে ব্যবসা হয়, তাতে এত টাকা ভাড়া দিয়ে টিকে থাকা হস্তশিল্পীদের পক্ষে অসম্ভব।”এ বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। ফলে দীর্ঘদিনের ব্যবসা ধরে রাখা যাবে কি না, তা নিয়ে এখন অনিশ্চয়তায় সৃজনী শিল্পগ্রামের হস্তশিল্পীরা।
