উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় জমা পড়া আবেদনের শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে উদ্যোগ নিল জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত জেলায় প্রায় ১ লক্ষ সিএএ তে আবেদন জমা পড়েছে। আর নির্ধারিত সময়ের মধ্যে সেই আবেদনের নিষ্পত্তি করতে কেবল রবিবার ছুটির দিন বাদে, অন্যান্য সরকারি ছুটির দিন এবং শনিবারও জেলার সমস্ত মহকুমা শাসকের দপ্তরে চলছে শুনানি প্রক্রিয়া। ফলে একদিকে যেমন শুনানির গতি বাড়ানো হয়েছে, তেমনই আবেদনকারীদের দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্যেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
প্রশাসন সূত্রে দাবি, মোট ১ লক্ষ আবেদনের মধ্যে প্রায় ৭৫ শতাংশ আবেদনের শুনানি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি আবেদনগুলির শুনানি আগামী ২৮ নভেম্বরের মধ্যে শেষ করতে কোমর বেঁধেছে জেলা প্রশাসন। আর এই শুনানি সংক্রান্ত বিষয়ে দায়িত্ব সামলাচ্ছেন ৬ জন আইএএস অফিসার এবং ২৩ জন ডব্লিউবিসিএস অফিসার। জানা গিয়েছে, শুনানির সময় যাঁরা প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দিতে পারছেন না, তাঁদের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। ওই আবেদনকারীদের জন্য পরবর্তী সময়ে নতুন করে শুনানির তারিখ ঘোষণা করা হবে। ফলে নথিপত্র সংক্রান্ত সমস্যার কারণে আবেদনকারীদের শুনানি প্রক্রিয়া থেকে বাদ পড়ার আশঙ্কা নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এখন পর্যন্ত মূলত বারাসতে জেলাশাসকের দপ্তরে সিএএ-র আবেদনকারীদের শুনানি চলছিল। জেলার প্রত্যন্ত এলাকা থেকে বারাসতে পৌঁছতে গিয়ে অনেক আবেদনকারীকে ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল। সেই সমস্যার সমাধানে প্রশাসনের তরফে ব্লক স্তরের প্রান্তিক মানুষদের সুবিধায় প্রত্যেক মহকুমা শাসকের দপ্তরে শুনানির ব্যবস্থা করা হয়।
