আগামী ১ ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে কলকাতা ও শিলিগুড়িতে বর্তমানে চালু বাংলাদেশ ভিসা কেন্দ্র। গত কয়েকদিন ধরে যাঁরা বাংলাদেশ যাওয়া নিয়ে, বিশেষ করে ভারতীয় আবেদনকারীরা ভিসা সেন্টার বন্ধ নিয়ে আতঙ্কে ভুগছিলেন, তাঁদের জন্য সুখবর। মঙ্গলবার কলকাতার উপদূতাবাস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নয়া ঠিকানায় কলকাতা ও শিলিগুড়িতে ভিসার আবেদন ও প্রাপ্তির ব্যবস্থা করা হচ্ছে।
নতুন ঠিকানা দু’টি হল, কলকাতার সল্টলেকে সিমসিস টাওয়ার, প্লট নম্বর ওয়াই ১৩, ব্লক ইপি এবং জিপি, সেক্টর ফাইভ। আর শিলিগুড়িতে সেবক রোডে সিটি মলের দোতলায় বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র চালু হচ্ছে। ১ ডিসেম্বর থেকে এই দু’টি কেন্দ্রের ভিসার বিষয়টি পরিচালনা করবে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিস।
প্রসঙ্গত, দুই ভিসা কেন্দ্রে যে আউটসোর্স সংস্থাকে দায়িত্ব দেওয়া ছিল, তাঁদের বর্তমান ক্ষমতাসীন তারেক রহমানের সরকার আর নবীকরণ করেনি। তাই সম্প্রতি বাংলাদেশ উপদূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন করে চুক্তি নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
এর পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির পুরাতন বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র দু’টি বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই ভিসা কেন্দ্রদুটি বন্ধ হওয়ার খবরে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তবে তাঁদের উদ্বেগ কমিয়ে বাংলাদেশের উপদূতাবাস ঘোষণা করে দিল, পুরনো দু’টির পরিবর্তে নতুন দুটি কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার।
