বুলেট দেখিয়ে স্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ। ভয় পেয়ে ১০০ ডায়ালে ফোন করেন স্ত্রী। খবর পেয়েই পুলিশ এসে বাড়ি থেকে গ্রেপ্তার করল স্বামীকে। সঞ্জয় দাস নামে পেশায় অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
সোমবার রাতে অ্যাপ ক্যাব চালিয়ে বাড়ি ফেরার পর সঞ্জয়ের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য কলহ হয়। এর মধ্যে হঠাৎ পকেট থেকে একটি তাজা বুলেট বের করে ওই ব্যক্তি। ওই বুলেট দেখিয়ে স্ত্রীকে ভয় দেখাতে শুরু করে সে। সে দাবি করে, বুলেটটি সে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে। স্ত্রী তাকে প্রশ্ন করেন, সে সেটি পুলিশের হাতে তুলে দেয়নি কেন? তখন সে ভয় দেখিয়ে স্ত্রীকে বলে, বুলেট জোগাড় হয়েছে। প্রয়োজনে সে অস্ত্রও জোগাড় করতে পারে। স্বামীর কথায় ভয় পেয়ে যান স্ত্রী। তিনি ১০০ ডায়ালে ফোন করে জানান, তাঁর স্বামী বুলেট নিয়ে তাঁকে ভয় দেখাচ্ছে। পুলিশ যেন সেটি উদ্ধার করে নিয়ে যায়। লালবাজার তাঁর কাছ থেকে বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে গড়িয়াহাট থানাকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওই মহিলার বাড়িতে পৌঁছয়। এরপর ওই ক্যাব চালকের কাছ থেকে বুলেটটি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তির বক্তব্যে বহু অসঙ্গতি রয়েছে। সেই কারণেই ওই চালককে বুলেট-সহ গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের মতে, ওই তাজা বুলেটটি অ্যাপ ক্যাব চালক আদৌ কুড়িয়ে পেয়েছে, নাকি স্ত্রী বা এলাকার বাসিন্দাদের ভয় দেখানোর জন্য সেটি কিনেছে তা জানার প্রয়োজন আছে। কোন জায়গা থেকে সেটি সংগ্রহ করা হয়েছে তা-ও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে এই নিয়ে জেরা করা হচ্ছে।
