ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে বাবার! কন্যাসন্তানের জন্ম সংশয়পত্র তৈরি করতে পারছে না পরিবার। পেরিয়ে গিয়েছে ২ মাসেরও বেশি সময়। বিভিন্ন দপ্তর ঘুরেও সুরাহা মেলেনি বলে অভিযোগ। দাবি, মিলছে না রেসিডেন্সিয়াল শংসাপত্র। চরম বিপাকে পড়েছে দিনহাটার পরিবার।
দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত খাটামারি গ্রামের বাসিন্দা আবদুল হাবিব। এসআইআরের চূড়ান্ত তালিকায় তাঁর নাম বাদ পড়েছে। গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁর স্ত্রী আলমিনা খাতুন কন্যাসন্তানের জন্ম দেন। নিয়মমতো পরিবার সন্তানের কন্যা সন্তানের জন্ম শংসাপত্র তৈরি করতে যান। কিন্তু সেখানে সমস্যায় পড়েন তাঁরা। আবদুলের দাবি, সন্তানের জন্ম শংসাপত্র দিতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাওয়া হয়েছে। যা সাধারণত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা পঞ্চায়েত সদস্যের কাছ থেকে পাওয়া যায়। কিন্তু ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর আবদুলদের এলাকার পঞ্চায়েত সদস্য ও প্রধান পদত্যাগ করেছেন বলে শংসাপত্র পাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।
আবদুলের আরও অভিযোগ, পঞ্চায়েত কার্যালয় থেকে বিধায়কের থেকে তা সংগ্রহের কথা বলা হয়। দাবি, তিনি বিধায়কের কার্যালয়ে গেলে ভোটার তালিকায় নাম না থাকায় সেখান থেকেও শংসাপত্র দেওয়া হয়নি। এই সমস্যায় নবজাতকের জন্মশংসাপত্র তৈরি করতে পারেননি।
এদিকে জন্মশংসাপত্র তৈরির নিয়ম অনুযায়ী, শিশুর জন্মের ২১ দিনের মধ্যে জন্ম নিবন্ধন ও শংসাপত্র তৈরির প্রক্রিয়া শুরু করতে হয়। ২১ থেকে ৩০ দিনের মধ্যে আবেদন করলে বিলম্ব ফি ও অনুমোদিত আধিকারিকের অনুমতি-সহ আবেদন করতে হয়। ৩০ দিনের বেশি কিন্তু ১ বছরের মধ্যে আবেদন করলে উচ্চতর আধিকারিকের লিখিত অনুমতি ও বিলম্বের কারণ জানিয়ে হলফনামা দিতে হয়। আবেদন জানানোর সময়সীমা ১ বছরের বেশি হয়ে গেলে ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকের অনুমোদন, নথিপত্র যাচাই এবং অতিরিক্ত ফি দিতে হয়।
তাঁর ও স্ত্রীর প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও কেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না? সেই প্রশ্ন তুলেছেন আবদুল। আরও প্রশ্ন ভোটার তালিকায় নাম না থাকার কারণে যদি এই সমস্যা, তাহলে কবে নাম উঠবে তালিকায়? কবেই বা সন্তানের জন্ম শংসাপত্র হাতে পাবেন তাঁরা? বিষয়টি নিয়ে বিধায়ক অজয় রায় বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে দেখার পরেই এ বিষয়ে বলতে পারব।”
