Hashtagintro

অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা রাহুলের! হাসপাতাল থেকে তোপ সাংসদকে, দেখতে গেলেন বিজেপি নেতারা

মহিলা পুলিশকর্মীদের নিগ্রহের অভিযোগ ছিল আগেই। এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে উঠল আরও বিস্ফোরক অভিযোগ। এক অন্তঃসত্ত্বা সাংবাদিকের দাবি, বিক্ষোভ চলাকালীন তাঁকে ধাক্কা মেরেছেন লোকসভার বিরোধী দলনেতা। হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওই সাংবাদিককে। তাঁকে দেখতে গিয়েছেন বিজেপি নেতারাও।

ওয়ান ইন্ডিয়া নামে এক ওয়েবসাইটের কর্মী রিচা পরাশর। তিন মাসের অন্তঃসত্ত্বা রিচা সোমবার সুপ্রিম কোর্টে গিয়েছিলেন ইন্ডি জোটের খবর সংগ্রহ করতে। সেসময় কংগ্রেস এবং অন্যান্য দলের নেতারা পৌঁছে গিয়েছেন শীর্ষ আদালতে। বিরাট জমায়েতের মধ্যে রাহুল সজোরে ধাক্কা মেরেছেন, এমনটাই অভিযোগ এনেছেন রিচা। তাঁর কথায়, “আমার হাত ধরে টেনে ফেলে দেন রাহুল গান্ধী। তাঁর দেহরক্ষীরাও ধাক্কা মেরে আমাকে সরিয়ে দেন।” নিজের বক্তব্যের সপক্ষে একটি ভিডিও পোস্টও করেছেন রিচা। কিন্তু তিনি পড়ে যাচ্ছেন এমন কোনও দৃশ্য সেই ভিডিওতে দেখা যায়নি।

গোটা ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাহুলকে তুলোধোনা করে এক্স হ্যান্ডেলে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী লিখেছেন, ‘যে রাহুল গান্ধী পিতৃতন্ত্র উৎখাতের ডাক দেন তিনিই গুণ্ডামি করছেন। মহিলা সাংবাদিককে ধাক্কা দিচ্ছেন।’ প্রদীপ-সহ একাধিক বিজেপি নেতা মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে রিচার সঙ্গে দেখা করেন। পালটা সুর চড়িয়েছে কংগ্রেসও। নেত্রী অলকা লাম্বা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘রাহুল ধাক্কা দিয়েছেন বিকেল চারটে নাগাদ, কিন্তু সাংবাদিক সাড়ে আটটায় হাসপাতালে গেলেন। তাঁর বোন হাসপাতালে না গিয়ে চলে গেলেন বিজেপি বিধায়কের দপ্তরে।’ কংগ্রেস কর্মীরাও বলছেন, রিচার বয়ানের সঙ্গে তাঁর পোস্ট করা ভিডিও মিলছে না।

উল্লেখ্য, গত বুধবার ইন্ডি জোটের বিক্ষোভের সময় অভিযোগ ওঠে মহিলা পুলিশকর্মীদের ধাক্কা দিয়েছেন রাহুল। সেদিন রাস্তায় শুয়ে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী। আশেপাশে ঘিরে ফেলেন অন্য সাংসদরাও। একপ্রকার পাঁজাকোলা করে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয় যন্তর মন্তর থেকে। মহিলা পুলিশরা যখন প্রিয়াঙ্কাদের তোলার চেষ্টা করছেন, তখনই দেখা যায়, রাহুল বারবার ধাক্কা মেরে মহিলা পুলিশকর্মীকে সরানোর চেষ্টা করছেন। এবার ফের বিস্ফোরক অভিযোগ রাহুলের বিরুদ্ধে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language