Hashtagintro

অমিত শাহকে ‘কুকথা’, মানহানি মামলায় রাহুলকে ‘বেকসুর খালাস’ করল আদালত

অমিত শাহের বিরুদ্ধে কুমন্তব্যের অভিযোগে মানহানি মামলা দায়ের হয়েছিল লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। ২০১৮ সালে দায়ের হওয়া সেই মামলায় বড়সড় স্বস্তি পেলেন রাহুল। সোমবার তাঁকে বেকসুর খালাস করল উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত। বিচারক শুভম বর্মা এই মামলায় রায় ঘোষণা করতে গিয়ে বললেন, রাহুল গান্ধীর মন্তব্য কোনওভাবেই মানহানিকর কর। রায় ঘোষণার সময় আদালতে সশরীরে হাজির ছিলেন রাহুল নিজেও।

২০১৮ সালে কর্নাটকে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে অমিত শাহকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শাহের উদ্দেশে তিনি বলেছিলেন, “মানুষ ভুলে যান যে বিজেপি সভাপতি একজন খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তি।” সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ। সেই সভায় সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলার প্রসঙ্গ টেনেছিলেন রাহুল। যে মামলায় ২০১৪ সালে সিবিআইয়ের বিশেষ আদালত অমিত শাহকে বেকসুর খালাস করেছিল। অমিত শাহের উদ্দেশে এহেন মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে দায়ের হয় মানহানির মামলা।

শাহের উদ্দেশে তিনি বলেছিলেন, “মানুষ ভুলে যান যে বিজেপি সভাপতি একজন খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তি।”

বিজেপির তৎকালীন জেলা সহ-সভাপতি বিজয় মিশ্র ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মামলা দায়ের করেন রাহুলের বিরুদ্ধে। যদিও ২০২৩ সালে এই মামলায় সশরীরে হাজিরা দিয়ে জামিন পান রাহুল। চলতি বছরের ১৩ অক্টোবর ছিল এই মামলার রায় ঘোষণা। যদিও তা পিছিয়ে ২৬ অক্টোবর রায়ের দিন ধার্য করা হয়। মামলার শুনানিতে রাহুলের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী আরএস চীমা। দুই পক্ষের সওয়াল শোনার পর রাহুল গান্ধীকে বেকসুর খালাস করেন বিচারক।

উল্লেখ্য, সোমবার এই মামলায় হাজিরা দিতেই লখনউ থেকে সুলতানপুর যাচ্ছিলেন রাহুল। যাওয়ার পথে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে রাহুলের কনভয়। গন্তব্যে পৌঁছনোর মাত্র ৩৫ কিলোমিটার আগে একটি অ্যাম্বুল্যান্স পিছন থেকে গাড়িতে ধাক্কা মারে। সেই আঘাতের জেরেই পরপর পাঁচটি গাড়িতে সংঘর্ষ হয়। ঘটনায় রাহুলের বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন। কনভয়ের যে অংশে দুর্ঘটনা ঘটেছে, রাহুলের গাড়ি তার থেকে বেশ খানিকটা দূরে ছিল। ফলে তিনি নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর আদালতে হাজিরাও দেন তিনি।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language