Hashtagintro

অষ্টমীতে পুজো মণ্ডপ চষে বেড়াবেন রিয়েল ও রিল সৌরভ, কোথায় যাবেন তাঁরা?

অষ্টমীতে বিশেষ চমক। মণ্ডপে মণ্ডপে একসঙ্গে দেখা যাবে দুই সৌরভকে। মহারাজের সঙ্গেই নাকি পুজোর কলকাতার মেজাজ উপভোগ করবেন পর্দার ‘মহারাজ’। সূত্রের খবর, আদ্যোপান্ত বাঙালিয়ানায় ভরপুর সৌরভ কীভাবে পুজো কাটান, বায়োপিকে অভিনয়ের আগে সে সম্পর্কে খুঁটিনাটি তথ্য জোগাড়ই লক্ষ্য় রাজকুমার রাওয়ের। সে কারণেই তিনি ‘প্রিন্স অফ ক্যালকাটা’র সঙ্গে একাধিক মণ্ডপে ঘুরে বেড়াবেন বলেই খবর। তবে কোন কোন মণ্ডপে তাঁরা যাবেন, তা এখনও জানা যায়নি।

লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। আপামর ক্রীড়াপ্রেমীর কাছে ‘দাদা’র সমার্থক যে সৌরভ গঙ্গোপাধ্যায়, তা বললেও অত্যুক্তি হয় না। সেই প্রেক্ষিতেই সম্ভবত বায়োপিকের এহেন নামকরণ। ২০২৫ সালের আগস্ট মাসেই কলকাতায় এসে রেইকি সেরে গিয়েছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। ক্রিকেটের পীঠস্থান ইডেন গার্ডেন্স, ময়দান থেকে শুরু করে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও ঢুঁ মারেন পরিচালক। মহারাজের ক্রিকেটের শুরুয়াত যেখান থেকে, সেই দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেন টিম নিয়ে। সেসময়েই শোনা গিয়েছিল পুজোর পরই কলকাতায় সৌরভের সঙ্গে দিনকয়েক সময় কাটাবেন তিনি। তারপরই শুটিং শুরু করবেন রাজকুমার। তবে সূত্রের খবর, পুজোর পর নয়। পুজোর সময়েই একসঙ্গে ঘুরবেন দু’জনে।

বায়োপিকের জন্য জোর প্রস্তুতিও নিয়েছেন রাজকুমার। জানা গিয়েছে, ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্র আত্মস্থ করতে বাংলা বলাও শিখে ফেলেছেন রাজকুমার রাও। যার খানিক কৃতিত্ব অবশ্য স্ত্রী পত্রলেখারও প্রাপ্য। ইতিমধ্যেই কলকাতা, মুম্বই এবং লন্ডনের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের অনুমতি নেওয়া হয়েছে মোতওয়ানের টিমের তরফে। বেহালার বাড়িতে সৌরভের জীবনীচিত্রর শুটিং হয়েছে আগেই। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে তানিয়া মানিকতল্লা। সৌরভ জানান, রূপোলি পর্দার ডোনাকে পছন্দ হয়েছে বাস্তবের ডোনারও।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language