Hashtagintro

আইএসএল খেলার ইচ্ছা ভোজিনহার, আসতে পারেন কলকাতাতেও, শতদ্রুর পোস্টে ইঙ্গিত

বিশ্বকাপকে নিজের দেশকে রূপকথায় পৌঁছে দিয়েছিলেন তিনি। ৪০ বছর বয়সে তাঁর অনবদ্য লড়াই গোটা বিশ্বকে মুগ্ধ করেছিল। রাতারাতি নায়ক হয়ে গিয়েছিলেন কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। সেই তিনি কলকাতার ফুটবলপ্রেমের কথা শুনেছেন। এবার সেই উন্মাদনা নিজের চোখে দেখতে চান। সুযোগ পেলে খেলতে চান আইএসএল-ও। এমনকী কলকাতায় আসার পরিকল্পনাও রয়েছে তাঁর। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন শতদ্রু দত্ত। 

ভারতীয় ফুটবল সম্পর্কে আগ্রহ রয়েছে ভোজিনহার। কলকাতায় ফুটবল নিয়ে উন্মাদনার কথাও শুনেছেন তিনি। বৃহস্পতিবার রাতে শতদ্রুর সঙ্গে মধ্যাহ্নভোজে বসে ভারতীয় ফুটবল নিয়ে নানা খোঁজখবর নেন। ভারতে ফুটবলের জনপ্রিয়তা কতটা, কলকাতার মানুষের ফুটবল নিয়ে আবেগই বা কেমন, জানতে চান সেসবই। জানা গিয়েছে, আলোচনার পরে ভারত সম্পর্কে তাঁর আগ্রহ আরও বেড়েছে।

শতদ্রু কলকাতায় থাকেন জানতে পেরে ভোজিনহা এদেশের ফুটবল নিয়ে জানতে আগ্রহী হন বলে জানা গিয়েছে। মধ্যাহ্নভোজের আড্ডাতেই আইএসএল সম্পর্কে জানতে পারেন কেপ ভার্দের গোলরক্ষক। ভারতের সেরা ফুটবল লিগে খেলার সুযোগ এলে তিনি যে আগ্রহী, তা জানিয়েছেন। কলকাতার ফুটবল সংস্কৃতি কাছ থেকে দেখার ইচ্ছাও রয়েছে তাঁর। এক সংবাদমাধ্যম সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে শহরে আসতে পারেন এই গোলরক্ষক। কলকাতায় ফুটবল নিয়ে একটি কর্মশালা করার পরিকল্পনাও রয়েছে।

শতদ্রুর সঙ্গে মধ্যাহ্নভোজে ভোজিনহা ছাড়াও ছিলেন বার্সেলোনা ও জুভেন্টাসের প্রাক্তন তারকা আর্তুরো ভিদাল। চিলির এই তারকা ফুটবলার বার্সেলোনা ও জুভেন্টাসের মতো ইউরোপের প্রথম সারির ক্লাবের হয়েও খেলেছেন। একটা সময় বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ ছিলেন। তাঁর লড়াকু মানসিকতা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। তবে এই সাক্ষাতের পর সবচেয়ে বড় জল্পনা অন্য জায়গায়। এর আগে এমিলিয়ানো মার্টিনেজ ও রেনে হিগুয়েতার মতো তারকা গোলকিপারদের ভারতে আনার উদ্যোগ নিয়েছেন শতদ্রু। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভোজিনহার নামও?

সোশাল মিডিয়ায় এক পোস্টে শতদ্রুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘মার্টিনেজ ও হিগুয়েতার মতো কিংবদন্তি গোলকিপারদের ভারতে নিয়ে এসেছি। এবার মনে হচ্ছে, সেই তালিকায় আরও একটি বিশেষ নাম যোগ হতে চলেছে।’ বর্তমানে চিলির ক্লাব কোলো-কোলোর হয়ে খেলেন ভোজিনহা। দেশের হয়ে ১ নম্বর জার্সি পরে খেললেও ক্লাবের হয়ে ২৯ নম্বর জার্সি পরেন ভোজিনহা। ভিনিসিয়াস জুনিয়র, দিয়েগো ফোরলানদের পর এবার বিশ্ব ফুটবলের আরও এক তারকাকে কলকাতায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ভোজিনহার সফর বাস্তবায়িত হলে কল্লোলিনীর ফুটবলপ্রেমীদের কাছে তা নিঃসন্দেহে বাড়তি পাওনা হবে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language