যে কোনও মূল্যে ডিসেম্বরেই দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে অগ্নিগর্ভ বাংলাদেশ। প্রকাশ্যে মিটিং-মিছিল করছেন আওয়ামি নেতা-কর্মীরা। বিক্ষোভে ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়। এই অবস্থায় প্রত্যেক সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভালের জন্য এই নির্দেশ বলেই মনে করা হচ্ছে।
বুধবার বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলের এমপিদের জরুরি নির্দেশ দেন বিএনপির সভাপতি তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারেক। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনুস সরকারের শাসনকালে নিষিদ্ধ আওয়ামি লিগের আন্দোলনের কারণেই তিনি এই নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। এর জেরে সেখানে সরকারি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। বুধবার গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে পথ অবরোধ চলে। সেখানে মাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হয় বলে খবর।
হামলাকারীদের দেওয়া আগুনে পুলিশের ৯টি গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আজ দুপুর ১টায় দেখা যায় পাটগাতিতে সংসদ সদস্য জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে।
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী। তিনি জানান, টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণ পাড়ার নিজ বাড়ি-সহ তাঁর আত্মীয়-স্বজনের অন্তত ১৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দাবি করেন, আওয়ামি এবং তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অগ্নিকাণ্ড ঘটান। ভুক্তভোগী পরিবারগুলির অভিযোগ, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বন্ধ রয়েছে থানার কাজ। হামলার সময় থানা থেকে ছেড়ে চলে যান কর্তব্যরত পুলিশকর্মীরা। হামলাকারীদের দেওয়া আগুনে পুলিশের ৯টি গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। আজ দুপুর ১টায় দেখা যায় পাটগাতিতে সংসদ সদস্য জিলানীর পুড়িয়ে দেওয়া বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। মধুমতি নদীর তীরে আড়াই তলা পাকা বাড়ির সব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পাশেই তাঁর পৈত্রিক টিনের ঘরও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর তুতো ভাই এসএম মাহমুদের বাড়ি-সহ ১৪ জন আত্মীয়ের বাড়ি পোড়ানো হয়েছে। বেশিরভাগই টিনের তৈরি। মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে ৪ থেকে ৫ জন আওয়মি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এরপরেই থানায় হামলা হয়। চলমান অশান্তির জেরে বুধবার পিরোজপুরে মৃত্যু হয়েছে এক ঘুমোন্ত বাসযাত্রীর। তিনি ঘুমন্ত থাকাকালীনই বাসটিতে আগুন দেওয়া হয় বলে খবর।
এদিকে ঢাকায় শিল্পকলা অ্যাকাডেমির সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে চুনকালি দেওয়ার মামলায় অভিযুক্ত রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মহম্মদ আয়াস ওরফে এএনএম আয়াসের জামিন মঞ্জুর করল না আদালত। যদিও একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন নারী বিবেচনায় মঞ্জুর করা হয়।
