Hashtagintro

এবার শীতে পাড়ায় পাড়ায় নতুন যাত্রা ‘প্রতীক তুমি কার?’, তৃণমূলকে ‘যাত্রা দল’ বলে কটাক্ষ শমীকের

চিৎপুর পাড়ায় নতুন যাত্রা আসবে ‘প্রতীক তুমি কার?’। প্রতীক-যুদ্ধ প্রসঙ্গে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পালটা জবাবে তৃণমূলকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে জেলা বিজেপির বিজয়া সম্মেলনের জনসভায় তিনি বলেন, “এবার দেখবেন চিৎপুর পাড়ায় যাত্রা আসবে। শীত পড়বে, যাত্রা আসবে আপনাদের গ্রামে গঞ্জে। ‘প্রতীক তুমি কার?’ ‘ওই ঘাসফুল তুমি কার?’। তৃণমূল কংগ্রেস এখন কার্যত যাত্রা দলে রূপান্তরিত হয়ে গিয়েছে বলে দাবি করেন শমীক।

তৃণমূলের প্রতীক নিয়ে এই কটাক্ষের সঙ্গেই বিজেপির রাজ্য সভাপতির আরও বক্তব্য, “একটা দল যারা প্রকাশ্য সরকারি মঞ্চ থেকে ভারত সরকারকে আক্রমণ করত, আজ সেইসব দল নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে নিজেদের প্রতীক নিয়ে। একজন তো আবার বললেন, আমি কয়েক দিনের মধ্যেই চ্যালেঞ্জ করছি, প্রমাণ করে দেবো ওই প্রতীকটা কার? অর্থাৎ ভেবে দেখুন, বাবা দাঁড়িয়ে বলছে ছেলে তুমি কার? মা বলছে, প্রমাণ করে দেবো এই ছেলে তোমার। আজকে চলেছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি।” এদিনের সভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। শমীক ভট্টাচার্যের পরামর্শ, “জ্ঞানেশ কুমারের বিরোধিতা দিল্লিতে না করে পশ্চিমবঙ্গে করুন। ভোট চুরি করে বিজেপি ক্ষমতায় এসেছে একথা পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবেন না।” দাবি শমীকের। কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন তিনি।

ছৌ মুখোশ দিয়ে শমীক ভট্টাচার্যকে শুভেচ্ছা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। নিজস্ব ছবি।

তৃণমূলের সঙ্গে যে সিপিএমের ‘নতুন প্রেম হয়েছে’ বলে মন্তব্য করেন শমীক। তাঁর কথায়, “অতীতের সিপিএম তারাও এখন বই নিয়ে রাস্তায় নেমে পড়েছে। বলছে পড়াশুনো করতে হবে। আপনারা তো ৩৪ বছর ধরে মানুষকে পড়ালেন। মানুষ তো পড়াশুনো করে ক্লান্ত। মানুষ আপনাদের বই পড়ল। মানুষ আপনাদের গ্রহণ করল। মানুষ আপনাদের পরের পর নির্বাচিত করল। কিন্তু শেষ পর্যন্ত আপনারা ফেল করে গেলেন। মানুষ শিক্ষিত হয়ে গিয়ে আপনাদের সরিয়ে দিল।” তিনি বলেন, কলকাতা-হাওড়া কর্পোরেশন বন্ধ করিয়ে দেওয়ার জন্য যে বিকাশ ভট্টাচার্যকে ‘অসুর’ বানিয়ে ছিলেন। সেই বিকাশ ভট্টাচার্যকে এখন ‘ভাসুর’ বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখন বিকাশ বাবু চলে গিয়েছে কোর্টে। তৃণমূলের দুঃখে বিকাশ ভট্টাচার্য কাঁদছেন। এ কান্না থামানো যাচ্ছে না।  রাজ্য রাজনীতির এই পরিস্থিতির কথা তুলে ধরেই, রাজ্য সভাপতি জানান, ” আমরা পশ্চিমবঙ্গের নতুন রাজনীতির সংস্কৃতির স্পর্শ করতে চাই। যেখানে মানুষের ছোট ব্যথা হলে বুঝব। ছোট চাহিদা পূরণ করব। মাঠে তো কেউ নেই! কাকে বল করবো? আর বিরোধিতা নয় এবার উন্নয়নের কাজ বাস্তবায়িত করা হবে।”

এদিনের সভা থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো নাম না করে এই জেলার প্রাক্তন পুলিশ সুপারকে আক্রমণ করেন। অযোধ্যা পাহাড়তলির মাঠায় একটি রিসোর্টের বেনিয়মের অভিযোগ তুলে ধরেন সাংসদ। জনসভা শেষে শহর পুরুলিয়ার সরকারপাড়ায় জগদ্ধাত্রী পুজো মন্ডপে গিয়ে পুজো দেন দুই সাংসদ-ই। এদিনের সভায় ছিলেন বিজেপির রাজ্যের সহ-সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, জেলা সভাপতি শঙ্কর মাহাতো ও অন্যান্য বিধায়করা।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language