Hashtagintro

গাছে তুলে মোবাইল চুরি! চার কিশোরকে ‘বোকা’ বানিয়ে ফোন নিয়ে চম্পট কেপমারদের

একেই বোধহয় বলে, গাছে তুলে মই কেড়ে নেওয়া! তবে এক্ষেত্রে শুধু মই কেড়ে নেওয়াই নয়, গাছের নিচে রাখা মোবাইল ফোনগুলিও নিয়ে চম্পট দিল দুই কেপমার! আমড়া পেড়ে দেওয়ার বিনিময়ে চার কিশোরকে চার হাজার টাকা পারিশ্রমিক দেওয়ার টোপ দিয়েছিল তারা। সেই টোপ গিলেই গাছে উঠেছিল চার কিশোর। আর সেই সুযোগে টোটোর ডিকিতে রাখা চারটি স্মার্টফোন হাতিয়ে চম্পট দিল দুই বাইক আরোহী। আমড়া পাড়া হল কি না, তার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়াল, ফোন গেল কোথায়? পূর্ব বর্ধমানের কাটোয়া থানার শ্রীসুরুরা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরদের অভিভাবকরা কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীসুরুরা গ্রামের বাসিন্দা লক্ষ্মণ হাঁসদা কাটোয়া পুরসভার অস্থায়ী সাফাইকর্মী। বুধবার তিনি ছেলের সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার অভিযোগ জানিয়ে কাটোয়া থানার দ্বারস্থ হন। তাঁর ছেলে বছর আঠেরোর দেবাশিস হাঁসদা টোটো চালায়। বুধবার দুপুরে কাটোয়া শহর থেকে টোটো চালিয়ে গ্রামে ফিরছিলেন দেবাশিস। সঙ্গে ছিলেন বন্ধু সূর্য টুডু। পারুলিয়া গ্রামের কাছে আসতেই দুই অচেনা যুবক বাইক নিয়ে তাঁদের পথ আটকায়। দু’জনের মাথাতেই ছিল হেলমেট। দেবাশিসের কথায়, ‘‘ওই দুই যুবক তাদের জিজ্ঞাসা করে, গাছ থেকে আমড়া পেড়ে দেওয়া যাবে কি না। বিনিময়ে ৫০০ টাকা করে দেওয়ার প্রস্তাবও দেয়।” সেই প্রস্তাবে উৎসাহিত হয়েই আরও বন্ধুদের ফোন করে ডাকে দেবাশিস। কারণ, সেদিনই কার্তিক লড়াই দেখতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। হাতখরচের কিছু টাকা পাওয়া যাবে ভেবে বন্ধুরাও রাজি হয়ে যান।

তখন শ্রীসুরুরা গ্রামের একটি আশ্রমের কাছে বাগানে বসে মোবাইলে গেম খেলছিল সন্তু হাজরা, গৌতম হাজরা ও অবিনাশ বেসরা। দেবাশিসের ফোন পেয়ে তারাও চলে আসে পারুলিয়া গ্রামের কাছে। অভিযোগ, পাঁচ বন্ধুকে একটি আমড়া গাছ দেখিয়ে মোট চার হাজার টাকা দেওয়ার প্রলোভন দেয় ওই দুই যুবক। চারজন উঠে পড়ে গাছে। একজন নিচে দাঁড়িয়ে আমড়া জড়ো করার কাজে ব্যস্ত হয়ে যান। গাছে ওঠার আগে নিজেদের মোবাইল ফোনগুলি নিরাপদে রাখার ব্যবস্থা করেছিল কিশোররা। দেবাশিস নিজের ও বাবার ফোন দুটি টোটোর ডিকিতে রেখে দেয়। গৌতম ও অবিনাশও নিজেদের ফোন রাখে সেখানেই। সূর্য অবশ্য নিজের ফোন কোমরে গুঁজে রেখেছিল। সন্তুর কাছে কোনও ফোন ছিল না। অর্থাৎ, চারটি স্মার্টফোন কার্যত পাহারাহীন অবস্থায় পড়েছিল টোটোর ডিকিতে।
আর সেই সুযোগটাই কাজে লাগায় দুই যুবক।

কিশোররা যখন গাছের ডালে আমড়া পাড়তে ব্যস্ত, তখন নিঃশব্দে টোটোর ডিকি থেকে চারটি ফোন তুলে বাইক নিয়ে চম্পট দেয় তারা। গাছ থেকে নেমে এসে বন্ধুদের আর দেখা মেলে না, ফোনও উধাও! তখনই টনক নড়ে কিশোরদের। বাড়ি ফিরে ঘটনার কথা জানায় তারা। গ্রামের লোকজনও দুই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেন। কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে উধাও দুই বাইক আরোহী। চার হাজার টাকা পারিশ্রমিকের আশায় গাছে উঠেছিল কিশোররা। শেষ পর্যন্ত আমড়ার বদলে চারটি স্মার্টফোন খুইয়ে ফিরতে হল তাঁদের। কার্তিক লড়াই দেখতে যাওয়ার আগে এমন অভিজ্ঞতার মুখে পড়তে হবে, তা অবশ্য ঘুণাক্ষরেও টের পাননি কেউ।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language