Hashtagintro

আজ নর্থইস্টের বিরুদ্ধে আইএসএল শুরু মোহনবাগানের, ম্যাকলারেনকে ছাড়াই নামবে সবুজ-মেরুন 

শনিবার পর্যন্ত বোঝা গিয়েছিল প্রথম একাদশে না থাকলেও দলের সঙ্গে তিনি গুয়াহাটি যাচ্ছেন। কিন্তু দেখা গেল অস্বস্তি অনুভব করায় জেমি ম্যাকলারেনকে দলের সঙ্গে গুয়াহাটি নিয়ে গেল না মোহনবাগান। সোমবার এই মরশুমের আইএসএলের নিজেদের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান।

ম্যাকলারেন না গেলেও মাথায় সাতটি সেলাই নিয়েও দলের সঙ্গে গুয়াহাটি উড়ে গেলেন দেজন ড্রাজিচ। চোট থাকায় আশিস রাই ও জ্বরের জন্য দলের সঙ্গে যাননি কিয়ান নাসিরি। জানা গিয়েছে, প্রথম ম্যাচে না থাকলেও পরের ম্যাচে থাকার সম্ভাবনা রয়েছে ম্যাকলারেনের। আপাতত কলকাতায় তিনি দু’দিন রিহ্যাব সারবেন। শনিবার অনুশীলন শেষে কোচের কাছে নিজের অস্বস্তির কথা জানান। প্যানাজিওটিস দিলেমপেরিস সারা মরশুমের কথা ভেবেই ঝুঁকি নিতে চাননি। সিদ্ধান্ত হয়েছে দ্বিতীয় ম্যাচের আগে দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ম্যাকলারেন না থাকায় এই ম্যাচে আক্রমণভাগের দায়িত্বে থাকবেন লি এরউইন। শিল্ডেও নজর কেড়েছেন এই স্কটিশ স্ট্রাইকার।

এই নর্থইস্টের বিরুদ্ধেই ডুরান্ড কাপের সেমিফাইনালে শিলংয়ের মাটিতে টাইব্রেকারে জিতেছিলেন বিশাল কাইথরা। তবে ঘরের মাঠে সেই টুর্নামেন্টেই ড্র হয়েছিল দুই দলের। এবার আইএসএলের ম্যাচ। স্বাভাবিকভাবেই আগের ম্যাচের ফলাফল এই ম্যাচে প্রভাব পড়বে না বলেই মনে করছেন দুই দলের কোচ। শিল্ড জিতে এই মুহূর্তে দারুণ ছন্দে মোহনবাগান। যদিও এই ম্যাচেও পরিবেশ আর আলাদিন আজেরাই শক্ত গাঁট হতে চলেছে মোহনবাগানের। দিলেমপেরিস কলকাতা ছাড়ার আগে বলেন, “পরপর দু’টি অ্যাওয়ে ম্যাচ দিয়ে লিগ শুরু করা সহজ কাজ নয়। তবে দু’টি ম্যাচ জিততে পারলে সেটা নিঃসন্দেহে দুর্দান্ত শুরু হবে। আমরা সেই চাপ সামলানোর জন্যই এখানে রয়েছি।”

একই সঙ্গে তিনি আরও যোগ করেন, “এবারের ম্যাচটা সম্পূর্ণ অন্য রকম হবে। ডুরান্ড কাপে শিলংয়ে আমাদের ম্যাচটি হয়েছিল প্রবল বৃষ্টির মধ্যে। টাইব্রেকারের আগে অতিরিক্ত সময় খেলতে হয়েছিল। অন্য ম্যাচটি ছিল গ্রুপ পর্বের। সেই ম্যাচটিতে ওরা একাধিক প্রথম একাদশের ফুটবলারদের খেলায়নি। আমাদেরও জাতীয় দলের ফুটবলাররা ছিল না। এই ম্যাচে আমাদের ৯০ মিনিটের মধ্যেই জিততে হবে।”

নর্থইস্ট কোচ পেদ্রো বেনিল মোহনবাগান কোচের ম্যাচ রিডিং নিয়ে প্রশংসা করেন এদিন। তিনি বলেন, “দিলেমপেরিস এমন একজন কোচ, ম্যাচের মধ্যে একাধিকবার খেলার ধরন বদলে দেন। ওঁর হাতে একাধিক ভালো অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তাদের ব্যবহার করেন। তাই এমন দলের বিরুদ্ধে নামার আগে আমার তিনটি পরিকল্পনা রয়েছে।’’

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language