Hashtagintro

‘আদিপুরুষ’ প্রভাস, ‘ধুরন্ধর’ রণবীরকে বিঁধতে অক্ষম ‘রাম’-এর হরধনু! প্রথমদিন কেমন ব্যবসা করল ‘রামায়ণ’?

দীর্ঘ প্রতীক্ষা এবং অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রে একাধিক রেকর্ড গড়ে ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রামায়ণ’। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসের লক্ষ্মীর ভাণ্ডার কানায় কানায় পূর্ণ। রাম অবতারে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় অনবদ্য দক্ষিণী তারকা যশ। নীতেশ তিওয়ারির তারকাখচিত ‘রামায়ণ’-এর প্রতিটি চরিত্রের সাবলীল অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। ছবি মুক্তির পয়লা দিনেই দুর্দান্ত সাফল্যের পরও কিন্তু, ‘আদিপুরুষ’ এবং ‘ধুরন্ধর ২’-এর মতো ব্লক বাস্টার ছবির ওপেনিং ডের বক্স অফিস রেকর্ড ভাঙতে পারল না রণবীরের ‘রামায়ণ’।

ছাব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিগুলির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং করেছে এই মহাকাব্যিক ছবি।২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ প্রথম দিনেই সব ভাষা মিলিয়ে ৮৬.৭৫ কোটি টাকা আয় করেছিল। যার মধ্যে তেলুগু সংস্করণের অবদান ছিল উল্লেখযোগ্য। তারপরই হিন্দি সংস্করণ। বক্স অফিস ট্র্যাকিং পোর্টাল স্যাকনিকের তথ্য মোতাবেক, মুক্তির প্রথম দিনে ভারতে ‘রামায়ণ’-এর মোট আয় ৬৪.৮৫ কোটি টাকা।

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’

বিভিন্ন ভাষায় মোট পঁচিশ হাজার দুশোটি শোয়ে প্রদর্শিত হয়েছে নীতেশের ‘রামায়ণ’। সর্বাধিক আয়ের উৎস হিন্দি সংস্করণ। ২০,৬৭৮টি হিন্দি শো থেকে আয়ের পরিমান ৪৭.৫০ কোটি টাকা। ১,১৯৭টি কন্নড় সংস্করণের শো থেকে ৭.২৫ কোটি টাকা এবং তেলুগু সংস্করণ ১,৭৭৬টি শো থেকে ৬ কোটি টাকা আয় করেছে ‘রামায়ণ’। তামিল সংস্করণের আয় ২.৬০ কোটি টাকা, অন্যদিকে, ৫৫৭টি শো মালয়ালি সংস্করণ থেকে রণবীর, যশ, সাইয়ের সংগ্রহ ১.৫০ কোটি টাকা।

‘রাবণ’ যশ

২০২৬ সালে হিন্দি সিনেমা ওপেনিংয়ে রেকর্ড ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর দখলে। সব ভাষায় সম্মিলিত পয়লা দিনেই আয়ের অঙ্ক ছুঁয়েছিল ১০২.৫৫ কোটি। পেইড প্রিভিউ-সহ ছবিটির বিশ্বব্যাপী প্রথম দিনের কালেকশন ছিল প্রায় ২৩৬.৬৩ কোটি টাকা। পেইড প্রিভিউয়ের হিসাব বাদ দিয়েও মুক্তির আগ্রিম বুকিং থেকেই ৫০ কোটি টাকার বেশি আয় করেছিল ছবিটি। আন্তর্জাতিক মার্কেটে ‘রামায়ণ’-এর প্রথম দিনের আয়ের পরিসংখ্যান এখনও প্রকাশ করা হয়নি। তবে অনুমান, বিদেশ থেকে আয়ের খাতে আরও ২০ থেকে ৪০ কোটি টাকা যোগ হতে পারে।

Sai Pallavi shares About Her future life partner With Amitabh Bachchan At KBC 18
‘রামায়ণ’-এর দৃশ্যে সাই পল্লবী।

সেক্ষেত্রে ‘রামায়ণ’-এর বিশ্বব্যাপী প্রথম দিনের আয় ১০০ কোটির গণ্ডি অতিক্রমের প্রবল সম্ভবনা রয়েছে। দীপাবলির উৎসবে দেশজুড়ে ছুটির মরশুম। সেইআবহে ছবির বক্স অফিস কালেকশনের গ্রাফ ঊর্ধ্বমুখী হতে পারে, তা বললে অত্যুক্তি হবে না। উল্লেখ্য, প্রাথমিক বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের আয়ের নিরিখে ‘ধুরন্ধর’, শাহরুখ খানের ‘পাঠান’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-কেও টেক্কা দিয়েছে ‘রামায়ণ পার্ট ওয়ান’।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language