‘বিগ বস বাংলা’য় রাজবীর দের ওয়াইল্ড কার্ড এন্ট্রির পর থেকেই চর্চায় নন্দিনীর সঙ্গে তাঁর প্রেম। ১০৮ টি ক্যামেরার সামনে তাঁদের অন্তরঙ্গতায় বিরক্ত অনেকেই। তবে কেউ কেউ আবার তাঁদের ভালোবাসায় মুগ্ধ। ২ মাসেই সেই প্রেমে চিড়! বৃহস্পতিবারের পর্বে দেখা গেল, ‘এন’ লেখা আংটি হারানোকে কেন্দ্র করে তুমুল বচসায় জড়ালেন রাজবীর ও নন্দিনী। এর পর্যায়ে রাজবীর প্রেমিকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পালটা হাত চালান নন্দিনীও। এরপরই রাজবীরকে সাফ বলতে শোনা যায়, “তুমি সব সীমা পেরিয়ে গিয়েছো, আর পোষাচ্ছে না। এটা শেষ।” এরপর নন্দিনীকে ঘরে রেখে বাইরে বেরিয়ে যান রাজবীর।

গত রবিবার নন্দিনী দুর্গ ছাড়ার মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছিলেন রাজবীর। তাঁর আবেগে চোখে জল এসেছিল সকলেরই। তবে এভিক্টেড না হয়ে ফের নন্দিনী দুর্গে ফিরতেই যেন বদলে গিয়েছে রাজ-নন্দিনীর সমীকরণ। প্রাথমিকভাবে রাজবীরকে খুশি মনে হলেও গত ২ দিনে একাধিকবার কথা কাটাকাটিতে জড়িয়েছেন যুগল। বৃহস্পতিবারের পর্বে তা যেন চরম আকার নিল। প্রেমের শুরু পর থেকে নন্দিনীর নামের আদ্যাক্ষরের একটি আংটি পরতেন রাজবীর, যা প্রেমিকারই দেওয়া। কোনওভাবে তা হারিয়ে ফেলেন রাজবীর। যা মোটেই ভালোভাবে নেননি নন্দিনী। তাতেই যাবতীয় সমস্যার শুরু। এদিন প্রথমে নন্দিনী রাজবীরকে তা খুঁজতে বলেন, জবাবে রাজবীর বলেন তাঁকে রান্না করতে হবে, এত বড় বাড়িতে ছোট আংটি কীভাবে খুঁজবেন! তাতে স্বাভাবিকভাবেই মেজাজ হারান নন্দিনী। কান্নাকাটির পাশাপাশি রাজবীরকে বেলাগামভাবে আক্রমণ শানান তিনি।
এরপর ঘরে গিয়ে রাজবীরকে বোঝানোর চেষ্টাও করেন নন্দিনী। সেই সময়ই রাজবীর ধাক্কা দিয়ে নন্দিনীকে সরিয়ে দেন। এতেই আগুনে ঘি পড়ে। পালটা প্রেমিকের গায়ে হাত তুলতে দেখা যায় নন্দিনীকে। এরপর মেজাজ হারিয়ে একের পর এক নিজের গালেই চড় কষান রাজবীর। প্রেমিকাকে সাফ বলেন, “তুমি সব সীমা পেরিয়ে গিয়েছো, আর পোষাচ্ছে না। এটা শেষ।” দর্শকদের একাংশের দীর্ঘদিনের অভিযোগ, প্রেমের কারণে নষ্ট হচ্ছে রাজবীরের গেম। তার মাঝে নন্দিনীর এই ধরণের আচরণে বেজায় চটেছেন অনেকেই। খোদ ইনফ্লুয়েন্সর প্রেরণা দাস এ নিয়ে সোশাল মিডিয়ায় মুখ খুলেছেন।
