Hashtagintro

আপ শাসিত পাঞ্জাবেও যোগীর দাওয়াই! বুলডোজারে গুঁড়িয়ে গেল ‘খুনি’র বাড়ি

ওষুধের দোকানে রমরমিয়ে মাদকের ব্যবসা চলছে! তার প্রতিবাদ করতেই সমাজকর্মীকে গুলি করে হত্যা করে দোকান মালিক। পাঞ্জাবের এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, ওই দোকান মালিকের বাড়ির বেশ কিছু অংশ বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এমনকী আমজনতাও রেগে গিয়ে দোকানে আগুন ধরিয়ে দেয়।

বিতর্কিত ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। পারবিন্দর সিং ঝোটা নামে এক ব্যক্তি দোকানের সামনে গোটা ঘটনার লাইভ করছিলেন। দোকানের এক কর্মীকে তিনি মাদক বিক্রি নিয়ে প্রশ্ন করেন। সেসময়েই এক ব্যক্তি দাবি করেন, ওই দোকান থেকে মাদক কিনেছেন। দোকানের মালিকও ঘটনাস্থলে এসে উপস্থিত হলে দুজনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। খানিক পরেই পারবিন্দরের সামনে পিস্তল উঁচিয়ে ধরেন দোকান মালিক। বচসা বাড়তে পারবিন্দরকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন দোকান মালিক। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ওই যুবক।

লাইভে ধরা পড়ে গোটা ঘটনা। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত দোকান মালিক অশ্বিনী কুমার। পরে তাকে গ্রেপ্তার করা হয় রাজস্থান থেকে। তাকে পাঞ্জাবে ফিরিয়ে আনা হলে ক্ষোভে ফেটে পড়েন আমজনতা। আগুন ধরিয়ে দেন ওই দোকানে। অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়। এখানেই শেষ নয়, অশ্বিনীর বাড়ির বেশ কিছু অংশ বেআইনি নির্মাণ রয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই অংশ বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পারবিন্দর বেশ কয়েক বছর ধরে মানসা ও তার পার্শ্ববর্তী এলাকায় মাদকের অপব্যবহার এবং কিছু ওষুধের দোকানের মাধ্যমে নেশার দ্রব্যের অবৈধ বিক্রির বিরুদ্ধে সক্রিয় ছিলেন। সোশাল মিডিয়াতেই মাদক বিরোধী প্রচার চালাতেন তিনি। তাঁর মৃত্যুতে পাঞ্জাবের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আপ সরকারের বিরুদ্ধে একযোগে সরব হয়েছে বিজেপি, কংগ্রেস ও আকালি দল। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language