বলিউডের পর্দায় তিনি বহুদিন ব্রাত্য! একসময়ে ‘দস্তক’, ‘তামান্না’, ‘জোশ’, ‘খউফ’-এর মতো বহু হিন্দি সিনেমায় তাক লাগিয়েছেন। খলচরিত্রে শরদ কাপুরের অভিনয় তখন রীতিমতো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, এমনকী ‘টক অফ দ্য টাউন’ হয়ে উঠেছিল। ‘রাফ অ্যান্ড টাফ’ লুক আর সুদর্শন চেহারার সেই অভিনেতাকে এখন দেখলে চেনা দায়! শরীর-স্বাস্থ্য ভেঙেছে। চেনা গ্ল্যামারও উধাও। বর্তমানে নানাবিধ সমস্যায় জেরবার অভিনেতা শরদ কাপুর (Sharad Kapoor)।
“আমি ভালো কাজের সন্ধানে রয়েছি। এইসময়ে আমার আপনাদের সমর্থনের প্রয়োজন। আমি জানি, আপনারা…”
হাতে কাজ নেই। সম্প্রতি শীর্ণকায় চেহারায় মুম্বইয়ের এক পশুকল্যাণ কেন্দ্রে ভেঙে পড়েছিলেন অভিনেতা। আর সেই ভিডিও সোশাল মিডিয়ায় হু-হু করে ভাইরাল হতেই শরদ কাপুরের শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মুম্বইয়ের ওই স্বেচ্ছাসেবী পশুকল্যাণ কেন্দ্র ‘বেজুবান পাবলিক ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা হেমা চৌধুরী অভিনেতার দীর্ঘদিনের বন্ধু। তিনিই সোশাল মিডিয়ায় শরদের আবেগঘন মুহূর্ত ভাগ করে নিয়ে তাঁর জন্য কাজের সুপারিশ করেছিলেন সকলের কাছে। এবার মুখ খুললেন শরদ নিজেই।

বলিউডে কাজ চেয়ে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন’ (সিন্টা) -এর দ্বারস্থ হয়েছেন ‘জোশ’ খ্যাত অভিনেতা। শরদ কাপুরের কাতর আর্তি, “আমি ‘সিন্টা’-র কাছে আবেদন জানাতে চাই যে, আমি ভালো কাজের সন্ধানে রয়েছি। এইসময়ে আমার আপনাদের সমর্থনের প্রয়োজন। আমি জানি, আপনারা সবসময়ই সকলের পাশে দাঁড়িয়েছেন। আপনারা যদি মানসিকভাবে আমার পাশে দাঁড়ান, সেটাও এখন আমার জন্য বড় সমর্থন হবে।” পশু সেন্টার থেকে অভিনেতার ভিডিও ভাইরাল হতেই অনেক শুভাকাঙ্ক্ষী জানতে চেয়েছিলেন যে, তাঁর শরীর ঠিক আছে কিনা? সেবিষয়ে শরদ স্পষ্ট করে দেন যে, “আমি একজন ভালো অভিনেতা, আপনারা সেটা জানেন। টাকাটা এখানে কোনও সমস্যা নয়। আসল বিষয় হল, আমি আবার কাজ শুরু করতে চাই।” এবার অভিনেতার আর্তিতে পরিচালক-প্রযোজকরা সাড়া দেন কিনা? নজর থাকবে সেদিকে।
