ইনস্টাগ্রামে ঘনঘন মেসেজ, উত্তর দিতে চাপ, ব্লক করায় গৃহশিক্ষিকার পথ আটকে হেনস্তা! বারাকপুরের অভিজাত এলাকায় গ্রেপ্তার ২ যুবক। টিউশন পড়াতে যাওয়ার পথে শিক্ষিকার পথ আটকে শ্লীলতাহানির অভিযোগে শোরগোল মণিরামপুর এলাকায়। ইনস্টাগ্রামে যোগাযোগ রাখার জন্য চাপ দেওয়া হচ্ছিল তাঁকে। ব্লক করলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার রাতের এই ঘটনায় অর্ক সাহা ও দীপ কুণ্ডু নামে দু’জনকে গ্রেপ্তার করেছে বারাকপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মণিরামপুর ব্যায়াম সমিতি এলাকার একটি গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন তরুণী। তিনি পেশায় গৃহশিক্ষিকা। বাড়ি বাড়ি গিয়ে পড়ান। তরুণীর অভিযোগ, তিনি পড়াতে যাওয়ার সময় এক যুবক তাঁর পথ আটকে হাত ধরে টানাটানি শুরু করে। পরে সেখানে পৌঁছয় আরও এক যুবক। দু’জনে মিলে তাঁকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তরুণীর আরও অভিযোগ, ইনস্টাগ্রামে তাঁকে মেসেজ করে ওই দুই অভিযুক্ত। তার জবাব দেওয়ার জন্য শিক্ষিকাকে চাপ দেওয়া হয়। এবং এই হুঁশিয়ারিও দেওয়া হয়, ইনস্টাগ্রামের তাঁদের ব্লক করলে ফল ভালো হবে না। এমনই বিস্ফোরক সব অভিযোগ তরুণীর।
শুক্রবার দুই যুবক তাঁকে ঘিরে ধরে হেনস্তার পর কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সব জানান তরুণী। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের হাতে এক অভিযুক্ত গণপ্রহারের শিকার হয় বলেও অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে বারাকপুর থানার পুলিশ।
