Hashtagintro

ইরানে পরমাণু বোমা পড়লে রেহাই পাবে না ভারতও! কী বলছেন বিশেষজ্ঞরা?

ইরানে কি পরমাণু হামলা চালাবে আমেরিকা? সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অনুগত’ টাকার কার্লসন দাবি করেছেন ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আছড়ে পড়তে পারে পরমাণু বোমা। খোদ ট্রাম্পও এমন সম্ভাবনাকে উড়িয়ে দেননি। ট্রাম্প যদি সত্যিই এমন পদক্ষেপ নেন, তবে এর পরিণতি কেবল ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আশঙ্কা, তাহলে কি এর প্রভাব ভারত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে?

এক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে। নির্দিষ্ট আবহাওয়াজনিত পরিস্থিতিতে বিস্ফোরণের পরে তেজস্ক্রিয় ধূলিকণা ভাসতে ভাসতে পাকিস্তান, এমনকী উত্তর-পশ্চিম ভারত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাবে না এখনই। কেননা মাথায় রাখতে হবে ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ভারত থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিরক্ষা বিশেষজ্ঞ সন্দীপ উন্নিথান এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তেজস্ক্রিয় ধূলিকণার মাত্রা কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। যেমন যে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করা হবে তার বিস্ফোরক ক্ষমতা, বিস্ফোরণের ধরন এবং তৎকালীন আবহাওয়া পরিস্থিতি। তবে বিশেষজ্ঞরা এও বলছেন, যদি ধরে নেওয়া যায় তেজস্ক্রিয়তা ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে, তাহলেও দূরত্বের কারণে তেজস্ক্রিয়তার তীব্রতা অনেক কমে যাবে।

তবে তার চেয়েও বড় কথা, এহেন পরিস্থিতিতে আদৌ ট্রাম্প এমন ঝুঁকি নেবে কিনা। কার্লসন অবশ্য বলছেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রায় প্রতিদিনই ট্রাম্পকে ইরানে হামলা চালানোর জন্য ‘উসকানি’ দিচ্ছেন। আর এতেই ভয় পাচ্ছেন তিনি। মনে করছেন, শেষপর্যন্ত সেই ‘চাপে’ পড়ে ট্রাম্প সত্যিই এমন কাণ্ড চালিয়ে বসতে পারেন। তবে বুধবার মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেস দখলের পথে ডেমোক্র্যাটরা। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট দুই কক্ষই কার্যত হাতছাড়া রিপাবলিকানদের। এর ফলে আগামিদিনে যুদ্ধের মতো বিষয়ে তিনি কতটা ‘স্বেচ্ছাচার’ চালাতে পারবেন তা নিয়েও বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language