মঙ্গলবার কৃষ্ণনগরে একাধিক জগদ্ধাত্রী পুজোয় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু যেতে পারেননি রাজবাড়ি। তা নিয়ে মুখ খুললেন রানি মা অমৃতা রায়। কোনও রাজনৈতিক বির্তকের মধ্যে যাননি তিনি। জানান, ঈশ্বর না টানলে হয় না। আধ্যাত্মিক বিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, “আমি একটা কথায় বিশ্বাস করি, ঈশ্বর না টানলে হয় না। ঈশ্বর না চাইলে গাছের একটা পাতাও নড়ে না। এটাই আমার উত্তর।”
স্বামীর মৃত্যুর পর এটাই রানি মা অমৃতার প্রথম পুজো। ছেলেকে সঙ্গে নিয়ে একাই সামলাচ্ছেন পুজোর যাবতীয় দায়িত্ব। মনখারাপ নিয়েও দায়িত্ব সামলাচ্ছেন তিনি। পুজোর আয়োজনের মধ্যেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যক্তিগত অনুভূতির কথা জানান রানি মা। রাজবাড়ির পুজো নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, স্বামী পাশে না থাকায় এ বার তাঁর মন ভারাক্রান্ত। ছেলেকে সঙ্গে নিয়েই পুজোর সমস্ত দায়িত্ব সামলাতে হচ্ছে। ব্যক্তিগত পরিস্থিতির মধ্যেও রাজবাড়ির ঐতিহ্য মেনে পুজোর হচ্ছে। তাঁর কথায়, “এই পুজো শুধু রাজপরিবারের নয়, সকলের মঙ্গল কামনায় নিবেদিত। দেবীর কাছে তাঁর প্রার্থনা, সবাই যেন সুস্থ ও ভালো থাকেন এবং সর্বত্র শান্তি বজায় থাকে।”
মঙ্গলবার মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে গেলেও রাজবাড়ি যাননি কেন সেই প্রশ্ন করা হয়। অমৃতা জানান, সবটাই মায়ের ইচ্ছা। অমৃতা রায় বলেন, “এই নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এখানে তাঁর কোনও লেনাদেনার বিষয়ও ছিল না। দেবীকে দর্শন করতে আসা স্বাভাবিক বিষয়। তবে আমি একটা কথায় বিশ্বাস করি যে ঈশ্বর না টানলে কিন্তু হয় না। ঈশ্বর না চাইলে গাছের একটা পাতাও নড়ে না। এটাই আমার উত্তর।” ঘটনাচক্রে, মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঠাসা কর্মসূচি ছিল মঙ্গলবার। কলকাতায় অনুষ্ঠানের পর দুপুর নাগাদ যান মুর্শিদাবাদের বেলডাঙা ভারত সেবা আশ্রমে। সেখান থেকে যান কৃষ্ণনগর। জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করেন। সেখান থেকে ফেরেন কলকাতায়। আজ, বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন।