Hashtagintro

ব্যাটে-বলে অনবদ্য করণ-ঋষভ, আগুনে ফর্মে পোড়েল, মুস্তাক আলিতে জয়ের হ্যাটট্রিকে শীর্ষে বাংলা

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছুটছে বাংলার জয়রথ। প্রথম ম্যাচে হারের পর জয়ের হ্যাটট্রিক লক্ষ্মীরতন শুক্লার দলের। এদিন মিজোরামকে ৯৩ রানের ব্যবধানে হারালেন অভিমন্যু ঈশ্বরণরা। ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স দুই তরুণ তুর্কি ঋষভ চৌধুরী ও করণ লালের। অন্যদিকে আগুনে ফর্ম অব্যাহত অভিষেক পোড়েলের। সব মিলিয়ে বিরাট জয়ে রানরেটও অনেকটাই বাড়িয়ে নিয়ে লিগ শীর্ষে উঠে এল বাংলা।

এদিন মুম্বইয়ের বান্দ্রা কুর্লা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলা। শুরু থেকেই ঝড় তুলে দেন বাংলার দুই ওপেনার। অভিষেক ৩০ বলে ৫২ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ৪টি চার ও ৩টি ছক্কা। গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসে ছিলেন। কিন্তু রিটেনশন তালিকায় তাঁকে ধরে রাখেনি দিল্লি। আগামী মাসে আইপিএলের নিলাম। তার আগে আগুনে ফর্মে বার্তা দিয়ে রাখলেন। অন্যদিকে করণ লাল ৪১ বলে করলেন ৬৭ রান। তিনি ৯টা চার মারেন, সঙ্গে একটি ছক্কা। দু’জনের জুটিতে ১০০-র কাছাকাছি রান উঠে যায়। তবে তাঁরা আউট হলেও রানের গতি থামেনি।

বরং শাকির গান্ধি ও ঋষভ চৌধুরীর দাপটে বেসামাল হয়ে পড়ে মিজোরামের বোলিং। শাকির ২৭ বলে ৪২ রান করেন। অন্যদিকে ঋষভের ব্যাট থেকে ২২ বলে আসে ৩৩ রান। দু’জনের অপরাজিত ইনিংসে নির্ধারিত ২০ ওভারে বাংলা তোলে ১৯৬ রান।

জবাবে প্রথম ওভারেই মিজোরামকে ধাক্কা দেন মহম্মদ শামি। আইপিএলে সদ্য দলবদল করলেও মুস্তাক আলিতে খুব একটা ছন্দে নেই। এদিন ২ ওভারে মাত্র ৭ রান দিলেন। তবে ওই একটি উইকেটই পেয়েছেন। মুকেশ কুমার ও সায়ন ঘোষেরও একটি করে শিকার। তবে ব্যাটিংয়ের মতো বোলিংয়েও অনবদ্য ঋষভ ও করণ। প্রথমজন ২১ রান দিয়ে ৪ উইকেট পেলেন। অন্যদিকে করণ ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। দু’জনের বোলিং বিক্রমে মিজোরামের ইনিংস থেমে যায় মাত্র ১০৩ রানে। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে বাংলা। নেট রান ২.১৫০। যা পরে কাজে লাগতে পারে। তবে সন্ধ্যায় রাজস্থান বনাম বরোদা ম্যাচের পর হয়তো অঙ্ক বদলাতে পারে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language