Hashtagintro

আগামী বছর থেকে ভারতে বিনামূল্যে দেখা যাবে ইউরোপীয় ফুটবল! স্বপ্ন দেখাচ্ছেন রিয়াল মাদ্রিদ কর্তা

ইউরোপীয় ক্লাব ফুটবল দেখার জন্য আর সাবস্ক্রিপশনের টাকা খরচ করতে হবে না! অন্তত তেমনই স্বপ্ন দেখাচ্ছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তাঁর ঘোষণা, আগামী বছর থেকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো দলের খেলা বিনামূল্যে দেখার সুযোগ পাবেন ভারতের ফুটবলপ্রেমীরা। সেই লক্ষ্যে উয়েফা এবং ইউরোপিয়ান ফুটবল ক্লাবসের সঙ্গে যুগ্ম উদ্যোগে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করার পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষামূলক ভাবে প্রথমে ভারতেই চালু হবে এই পরিষেবা। পরে বিশ্বের অন্য দেশেও তা ছড়িয়ে দেওয়ার ভাবনা রয়েছে।

রিয়াল মাদ্রিদের সদস্যদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এই ঘোষণা করেছেন পেরেজ। প্রায় দেড়শো কোটি মানুষের দেশ ভারত। এখানে ফুটবলের বাজারও সম্ভাবনাময়। এদেশে রিয়াল মাদ্রিদেরও বিপুল সমর্থক রয়েছে। এ কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন তিনি। পেরেজের কথায়, “২০২৭ মরশুম থেকে উয়েফার ক্লাব প্রতিযোগিতার সেরা ম্যাচগুলি ভারতে বিনামূল্যে দেখার সুযোগ মিলবে। শুধু কোনও সাধারণ সম্প্রচারমাধ্যম নয়, এমন একটি স্ট্রিমিং পরিষেবার মাধ্যমে ম্যাচগুলি দেখা যাবে, যার সাহায্যে ক্লাবগুলি সরাসরি সমর্থকদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।”

তবে কেবল বিনামূল্যে ম্যাচ দেখানোর মধ্যেই এই উদ্যোগকে সীমাবদ্ধ রাখতে চাইছে না ইউরোপের ক্লাবগুলি। সমর্থকদের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করাও এই প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য। এক্সক্লুসিভ ও ব্যক্তিনির্ভর কন্টেন্ট, বিশেষ সদস্য সংগ্রহ অভিযানের মতো একাধিক পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, দূরদেশে বসে প্রিয় ক্লাবকে সমর্থন করলেও এবার আরও কাছের মানুষ হয়ে ওঠার সুযোগ পাবেন সমর্থকেরা। কেন এমন পরিকল্পনা, তার ব্যাখ্যা দিতে গিয়ে মুম্বইয়ের এক ১৫ বছরের রিয়াল সমর্থকের উদাহরণ টেনেছেন পেরেজ। তিনি বলেন, “মুম্বইয়ের ১৫ বছরের সমর্থকের কথা ভাবুন। সে পাইরেটেড ওয়েবসাইটে প্রিয় দলের ম্যাচ দেখে। ছবির মানও থাকে অত্যন্ত খারাপ। নতুন প্ল্যাটফর্ম চালু হলে সেই সমস্যার সমাধান হবে।”

রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ছবি সংগৃহীত।

এর পরেই আরও বড় পরিকল্পনার কথা জানিয়েছেন রিয়াল প্রেসিডেন্ট। তাঁর মতে, এত দিন দূর থেকে যে সমর্থকেরা ক্লাবকে ভালোবেসেছেন, তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রথমবার রিয়াল মাদ্রিদ জানতে পারবে ওই সমর্থককে। আমরা সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারব। প্রিয় ফুটবলারদের নিয়ে বিশেষ কনটেন্ট পাঠাতে পারব। জন্মদিনে শুভেচ্ছা জানাতে পারব। তাঁকে আমাদের মাদ্রিদিস্তা কর্মসূচির সদস্য হওয়ার আমন্ত্রণ জানাতে পারব। এমনকী একদিন হয়তো সান্তিয়াগো বের্নাবেউয়ে তাঁকে স্বাগতও জানাতে পারব,” বলেছেন পেরেজ।

এই ভাবনার নেপথ্যে ফিফার আগের ক্লাব বিশ্বকাপের সম্প্রচার পদ্ধতিরও প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই প্রতিযোগিতার সম্প্রচার পরিকল্পনার প্রশংসা করেছিলেন পেরেজ। এবার উয়েফার ক্লাব প্রতিযোগিতার ক্ষেত্রেও একই রকম ভাবে দর্শকসংখ্যা বাড়ানোর দিকে নজর দিতে চাইছে তারা। উয়েফা এবং ইএফসি-র যৌথ উদ্যোগে তৈরি ইউসি৩-র মাধ্যমে চালু হবে এই নতুন পরিষেবা। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন নাম বদলে এখন হয়েছে ইএফসি। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের কাছে ইউরোপীয় ক্লাব ফুটবল পৌঁছে দেওয়ার পাশাপাশি ক্লাবগুলির সঙ্গে সমর্থকদের সরাসরি যোগাযোগের পথও খুলে দিতে চাইছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।

তিনি আরও বলেন, “এই উদ্যোগ শুধু রিয়াল মাদ্রিদের জন্য নয়, ছোট-বড় সব ক্লাবের জন্যই ভালো। সমর্থক ও ফুটবলের জন্যও ভালো।” এই উদ্যোগ কার্যকর হলে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য হবে নিঃসন্দেহে দারুণ খবর। এত দিন উয়েফার প্রতিযোগিতা দেখতে বিভিন্ন পেইড সম্প্রচারমাধ্যম এবং স্ট্রিমিং পরিষেবার উপর নির্ভর করতে হত তাঁদের। তবে নতুন প্ল্যাটফর্মের নাম কী হবে, কোন কোন ম্যাচ বিনামূল্যে দেখা যাবে এবং ঠিক কবে থেকে পরিষেবা শুরু হবে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। হয়তো কিছুদিনের মধ্যেই জানা যাবে সমস্ত উত্তর।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language