Hashtagintro

মামলার পাহাড়, ডিভোর্স-সহ একাধিক সমস্যার বিচার করুক AI! প্রস্তাব সুপ্রিম কোর্টের বাঙালি বিচারপতির

মাথার উপর মামলার পাহাড়। রোজ নতুন নতুন আবেদন। যার মধ্যে বহু মামলার হয়তো ততটা জটিল নয়। কিন্তু তাতেও নষ্ট হচ্ছে আদালতের মূল্যবান সময়। কার্যত অপচয় হচ্ছে মানব সম্পদের। এই ধরনের মামলাগুলি মেটাতে তৈরি হোক কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ AI নির্ভর আদালত। অভিনব প্রস্তাব দিলেন সুপ্রিম কোর্টের বাঙালি বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলছেন, মিউচুয়াল ডিভোর্স বা এই ধরনের ছোটখাটো মামলার বিচার করার জন্য ২৪ ঘণ্টার AI আদালত গড়া যেতেই পারে।

এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, বিচারব্যবস্থার দৈনন্দিন ও রুটিন কাজগুলি মানুষের হাত থেকে সরিয়ে প্রযুক্তির সাহায্য নেওয়া উচিত। বিচারপতি জয়মাল্য বাগচীর বক্তব্য, “আমাদের মাথার উপর ইতিমধ্যেই পাঁচ কোটি মামলার খাড়া ঝুলে রয়েছে। আর আমাদের যা পরিকাঠামো রয়েছে, যা মানবসম্পদ রয়েছে আমরা কোনওভাবেই সেই সব মামলার দ্রুত নিষ্পত্তি করতে পারব না।” বিচারপতি বাগচী মানছেন, “যদি সময়মতো মানুষের কাছে সুবিচার পৌঁছে দিতে হয়, তাহলে প্রযুক্তির সাহায্য নিতেই হবে।

মূলত পরস্পরের সম্মতিতে ডিভোর্স সংক্রান্ত মামলাগুলিকে AI নির্ভর আদালতে পাঠানোর প্রস্তাব দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তিনি বলছেন, “পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের মামলাগুলিকে মুল বিচারব্যবস্থা থেকে আলাদা করে AI আদালতে পাঠানো হোক। যা সপ্তাহের চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।” বিচারপতির মতে এই ধরনের মামলায় বিশেষ বিচার বিশ্লেষণের প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে মূল্যবান মানবসম্পদের অপচয় বন্ধ হতে পারে।

শীর্ষ আদালতের বাঙালি বিচারপতির মতে, দ্রুত শুনানির আবেদন বিবেচনা, মামলা নিষ্পত্তির আদর্শ সময়সীমা, বিবাহবিচ্ছেদের সঙ্গে জড়িত মামলার মতো প্রাসঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখতে সক্ষম এমন এআই টুল তৈরি করা যেতে পারে। চেক বাউন্স সংক্রান্ত মামলা, জমি অধিগ্রহণ বিষয়ক বিবাদ এবং অর্থ পুনরুদ্ধারের বাণিজ্যিক মামলাগুলির ক্ষেত্রেও এই ধরনের টুল বানানো যেতে পারে। সেক্ষেত্রে প্রযুক্তির সাহায্য মুল সওয়াল-জবাব শুরুর আগেই মামলার খুঁটিনাটি এবং সম্ভাব্য ফলাফল বিচারপতিদের হাতে তুলে দেওয়া যেতে পারে। তবে একই সঙ্গে বিচারপতি বাগচী স্পষ্ট করে দিয়েছেন, যে সব মামলা সাংবিধানিক বিষয় নিয়ে, বা জটিল তাত্ত্বিক বিষয় নিয়ে, যেসব মামলার বিচারপ্রক্রিয়ায় মানুষের যুক্তিবোধ ও বিচারবুদ্ধি প্রয়োজন সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে জায়গা দেওয়া যাবে না। কিছু মামলার বিচারের জন্য বিচারকের মৌলিক প্রজ্ঞা ও সৃজনশীলতা অপরিহার্য।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language