Hashtagintro

উরুগুয়ের বিরুদ্ধে থাপার দুর্দান্ত গোলের পরই বজ্রপাতে বন্ধ খেলা, ফের কি হবে শুরু? কী বলছে নিয়ম

বিশ্বকাপ জয়ী দেশ উরুগুয়েকে জোর টক্কর ভারতের। ফোরলানের দেশ প্রথমে গোল দিলেও পালটা দেয় ব্লু টাইগার্সরা। অনিরুদ্ধ থাপার গোলে সমতা ফিরিয়েছে ভারত। খেলার ফলাফল ১-১। কিন্তু ৩০ মিনিটের মাথায় বজ্রপাতের জন্য খেলা বন্ধ রাখা হয়েছে। প্লেয়াররা ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন। ফিফার নিয়ম বলছে, বজ্রপাত হলে ম্যাচ ৩০ মিনিট বন্ধ থাকবে। ফের বজ্রপাত হলে আরও ৩০ মিনিট ম্যাচ পিছিয়ে যাবে। তবে এক্ষেত্রে দ্বিতীয় আধঘণ্টা অপেক্ষা করতে হয়নি। ৩০ মিনিট পর ফের খেলা শুরু হয়েছে। 

বিশ্বকাপ খেলা পানামার বিরুদ্ধে ড্র। তারপর পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের বিরুদ্ধে লড়াই করে ০-৪ গোলে হার। এবার সামনে দু’বারের বিশ্বকাপ জয়ী উরুগুয়ে। যুবভারতী ক্রীড়াঙ্গনে খালিদ জামিলের দল কী চমক দেয়, সেটাই দেখার ছিল। আর সেই চমকটা উরুগুয়ের জন্য ‘শকে’র মতো ছিল। শুরু থেকেই আত্মবিশ্বাসী, জমাটি ফুটবল খেলেন আনোয়ার আলিরা। মাথা ঠান্ডা রেখে ছোট পাস, উইং দিয়ে আশিক, এডমুন্ডদের দৌড়। কে বলবে ভারতের র‍্যাঙ্কিং ১৩৮?

ভুল হল ১২ মিনিটে। পেনাল্টি বক্সে প্রমবীর সিংয়ের ট্যাকেল সোজা গিয়ে লাগে উরুগুয়ের ফুটবলারের পায়ে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি লিভারপুল প্রাক্তনী ডারউইন নুনেজ। কিন্তু পালটা দেয় ভারতও। আপুইয়া, থাপারা রীতিমতো মাঝমাঠ নিয়ন্ত্রণ করতে থাকেন। ২২ মিনিটে মাঝমাঠে অনেকটা ফাঁকা স্পেস পেয়ে রায়ান উইলিয়ামস প্রায় বক্সের মধ্যে ঢুকে পড়েন। সেখান থেকে জোরালো শট উরুগুয়ের গোল লক্ষ্য করে। যা ধরতে পারেননি থিয়াগো কার্ডোজো। তাঁর হাত থেকে ছিটকে আসা বল জালে জড়িয়ে দেন অনিরুদ্ধ থাপা। উরুগুয়েকে চমকে দিয়ে বুঝিয়ে দেন ভারতও পারে। এরপর সুযোগ এসেছিল এডমুন্ডের কাছে। তিনি সঠিক সময়ে বল ছাড়লে হয়তো উরুগুয়ের বিরুদ্ধে ভারত এগিয়েও যেতে পারত। 

৩০ মিনিটের মাথায় কুলিং অফের সময় বিপত্তি। কলকাতায় প্রবল বৃষ্টির সঙ্গে ঘনঘন বজ্রপাত শুরু হয়। আর এই বিষয়ে ফিফার স্পষ্ট নির্দেশিকা রয়েছে। যদি বিদ্যুৎ চমকানোর ৩০ সেকেন্ডের মধ্যে বজ্রপাতের শব্দ শোনা যায়, অর্থাৎ ৬ মাইলের মধ্যে বজ্রপাত হয়েছে। তাহলে সেই ম্যাচ তৎক্ষণাৎ বন্ধ করতে হবে। সবাইকে মাঠ ছাড়তে হবে। বিশ্বের সবপ্রান্তে এই নিয়ম মানতে হবে। একবার ম্যাচ বন্ধ হলে ৩০ মিনিট বন্ধ রাখতে হবে। এই অপেক্ষার পর যদি ফের বজ্রপাত হয়, তাহলে আবার ৩০ মিনিট ম্যাচ বন্ধ থাকবে। অর্থাৎ ঘণ্টার পর ঘণ্টা ম্যাচ বন্ধ থাকতে পারে। বিশ্বকাপে ফ্রান্সের একটি ম্যাচ প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। পরে অবশ্য ম্যাচ শুরু হয়েছে। 

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language