জুনিয়র বিশ্বকাপে জোড়া ধাক্কা খেল ভারত। একই দিনে জোড়া হার ভুগতে হল অনূর্ধ্ব ১৫ ব্রিগেডকে। দু’টো ম্যাচেই দাঁতে দাঁত চেপে দারুণ লড়াই করেছিল কিশোর ফুটবলাররা। কিন্তু শেষ পর্যন্ত সাফল্য আসেনি। ফলে টুর্নামেন্টের প্রথম ৯০ দলের মধ্যে শেষ করাটা কার্যত অসম্ভব হয়ে উঠছে ভারতের পক্ষে।
বৃহস্পতিবার ভারতের প্রথম প্রতিপক্ষ ছিল আফগানিস্তান। বাকুর মাঠে ১৫ মিনিটের মাথাতেই ভারত পিছিয়ে পড়ে মহম্মদ মুস্তাফার গোলে। ২৭ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান শাহজাদা সুলতানি। ম্যাচের একেবারে শেষদিকে এসে ৩৬ মিনিটে একটি গোল শোধ করে ভারতের নিবাস মেতেই ওয়াহেংবাম। কিন্তু লাভ হয়নি। ফলে বৃহস্পতিবার দুপুরে বিশ্বকাপের প্রথম ৮৫টি দলের মধ্যে থাকার স্বপ্ন শেষ হয়ে যায় ভারতীয় ব্রিগেডের।
এদিনের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল আরও কঠিন। কাজাখস্তানের বিরুদ্ধে প্রথম ১০ মিনিট একেবারে দিশেহারা ছিল ভারত। ওই সময় ৩-০ লিড নিয়ে কাজাখস্তান। তবে ০-৩ পিছিয়ে থাকা অবস্থাতেও দমে না গিয়ে কামব্যাকের চেষ্টা শুরু করে ব্লু কোল্টস। ফলও আসে হাতেনাতে। একটা সময়ের পর ৩-৩ করে ফেলে ভারত। বিরতির আগে আরও একটা গোল করে ভারত। স্কোরলাইন দাঁড়ায় ৪-৩।
বিরতির পর মাত্র ২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ফের লিড নিয়ে নেয় কাজাখস্তান। তবে ৩৬ মিনিটে পঞ্চম গোলটি করে সমতা ফেরায় ভারত। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৫-৫ ফলে। যেহেতু প্রত্যেকটি ম্যাচই নকআউট, তাই খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানেই ভারতের হৃদয়ভঙ্গ। একটা শট মিস করার ফলে চূড়ান্ত স্কোরলাইন দাঁড়ায় কাজাখাস্তানের পক্ষে ৫-৪। এই হারের ফলে প্রথম ৮৮তে থাকার স্বপ্নও শেষ হল ভারতের। টুর্নামেন্টের প্রথম দিকে সোনালি স্বপ্ন দেখানো সৌম্যজিৎ সরকাররা শেষ পর্যন্ত প্রথম একশোয় থেকে বিশ্বকাপ অভিযানের সমাপ্তি ঘটাতে পারবেন কি?
