Hashtagintro

এবার আইপিএল খেলবে কেকেআরের মহিলা ব্রিগেডও? বড় পদক্ষেপের পথে বিসিসিআই

বিশ্বকাপ জিতেছে ভারতের নারী ব্রিগেড। তারপর থেকে দেশে মহিলা ক্রিকেট নিয়ে বেড়েছে উৎসাহ। এহেন পরিস্থিতিতে মহিলাদের প্রিমিয়ার লিগকে (WPL) আড়েবহরে বাড়াতে চাইছে বিসিসিআই। বৃহস্পতিবার এই নিয়ে একাধিক মন্তব্য করেছেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। তারপর থেকেই আশায় বুক বাঁধছেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা। এবার কি তাহলে পুরুষদের পাশাপাশি মহিলা আইপিএলেও দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সকে?

বুধবার ছিল মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। তারপরেই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন সাইকিয়া। ২০২৩ থেকে শুরু হয়েছিল পাঁচ দলের ডব্লিউপিএল। ধীরে ধীরে বেড়েছে টুর্নামেন্টের জনপ্রিয়তা। সেই সাফল্য ধরে রাখতে আইপিএলের ধাঁচেই ডব্লিউপিএলের দল বাড়াতে চাইছ বোর্ড। সাইকিয়া জানিয়েছেন, “সামনের বছর থেকে অবশ্যই আমাদের ভাবনাচিন্তা করতে হবে ডব্লিউপিএল নিয়ে। দল বাড়ানো যেতেই পারে। এছাড়াও টুর্নামেন্টের আর কোন দিকগুলোয় আমরা উন্নতি করতে পারি সেটাও খতিয়ে দেখা দরকার।”

সাইকিয়ার কথায়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় ডব্লিউপিএলের যথেষ্ট খ্যাতি রয়েছে। মহিলাদের ক্রিকেটে ভারত এখন চালকের আসনে রয়েছে বলেও মত বোর্ড সচিবের। ভারত সম্প্রতি মহিলা ক্রিকেটে যে সাফল্য পেয়েছে তার নেপথ্যে ডব্লিউপিএলের যথেষ্ট ভূমিকা রয়েছে বলেও তিনি মনে করছেন। দেশের নানা প্রান্তের অখ্যাত মহিলা ক্রিকেটারদের চিহ্নিত করতেও এই মঞ্চ যথেষ্ট কার্যকরী। বুধবারের নিলামেই দল পেয়েছে মাত্র ১৫ বছর বয়সি উমা কাষভি।

বর্তমানে পাঁচটি দল ডব্লিউপিএল খেলে। দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ইউপি ওয়ারিয়র্স। কলকাতা বা কেকেআরের কোনও দল নেই ডব্লিউপিএলে। দীর্ঘ পাঁচবছর অপেক্ষার পর কলকাতাবাসীর সেই স্বপ্ন কি পূরণ হবে? ডব্লিউপিএলে অন্য রাজ্য নয়, নিজের রাজ্যের দলের হয়েই কি গলা ফাটাতে পারবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা? এখনও পর্যন্ত এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আশায় বুক বাঁধছেন তাঁরা। তবে কলকাতার দল হলেও সেটা শাহরুখের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির অংশ নাও হতে পারে। সম্পূর্ণ অন্য মালিকানাধীন দল কলকাতার প্রতিনিধিত্ব করতে পারে। 

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language