আজ থেকে বেশ কয়েকটা মাস পিছিয়ে গেলে মনে পড়ে যায় দেবের কেরিয়ারের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি জিৎ (Jeet)। ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে তারকাখচিত জমকালো আয়োজনে ব্রাত্য ছিলেন টলিউডের বস’। কয়েক মাসের ব্যবধানে বদলে গেল সেই ছবি। পরিচালক হিসেবে ‘দেশু ৭’-এ দেবের নতুন জার্নির সাক্ষী থাকলেন জিৎ। আবেগপ্রবণ পোস্টে ‘বিগ ব্রো’ কে বিশেষ শুভেচ্ছা মেগাস্টার দেবের (Dev)।
৮ অক্টোবর বৃহস্পতিবার ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চের (Desu 7 Trailer Launch) কিছু মুহূর্ত শেয়ার করে জিৎকে মনের কথা জানিয়ে দেব লিখেছেন, ‘কিছু মুহূর্ত সিনেমার গণ্ডি ছাড়িয়ে চিরস্মরণীয় স্মৃতি হিসেবে হৃদয়ে গেঁথে থাকে। জিৎ দা, আমার অনুরোধে সাড়া দিয়ে দেশু ৭-এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সন্ধ্যাকে আরও বিশেষ করে তোলার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার ভালোবাসা, সমর্থন ও উৎসাহ আমার কাছে ভীষণ মূল্যবান। বিশেষ করে এমন এক আবেগঘন মুহূর্তে যা শুধু আমার পরিচালক হিসেবে আত্মপ্রকাশকেই চিহ্নিত করে না, বরং দেশুর এক দশক পরের পুর্নমিলনের সাক্ষী হয়ে রইল।’
View this post on Instagram
বৃহস্পতির সন্ধ্যার সেই আবেগে ভেসে দেবের সংযোজন, ‘এই সন্ধ্যা চিরকাল আমার হৃদয়ে এক বিশেষ জায়গা করে রাখবে। পাশাপাশি, অগণিত ভক্তের কাছেও এই মুহূর্ত হয়ে থাকবে এক অমূল্য স্মৃতি, যা তাঁরা বছরের পর বছর সযত্নে মনে রাখবেন।’ দেবের পোস্টের কমেন্ট বক্সজুড়ে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা। সেই সঙ্গে ‘দুই পৃথিবী’ স্মৃতি উসকে ‘দেশু ৭’-এর গানে দেব-জিতের যুগলবন্দি পারফরম্যান্স একেবারে চেটেপুটে উপভোগ করছে ভক্তরা।
View this post on Instagram
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে জিৎ বলেছিলেন দেবের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে নিশ্চয়ই যেতেন। দেব অবশ্য বিষয়টিকে জলঘোলা করেননি। কিছু বলার থাকলে সেটা সরাসরি জিৎকে বলবেন বলেই জানিয়েছিলেন। পঁচিশ সালে দেব-জিৎ ‘দ্বন্দ্ব’ ছিল টলিপাড়ার আলোচিত টপিক। সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের সমীকরণ। জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর প্রিমিয়ারে দেবের উপস্থিতিতেই বোঝা গিয়েছিল এক সুতোয় বাঁধা পড়েছে দুই পৃথিবী। পরিচালক হিসেবে দেবের নতুন জার্নিতে জিতের উপস্থিতিতে আনন্দে আত্মহারা দেব সে কথা আর বলার অপেক্ষাই রাখে না।
