Hashtagintro

কংগ্রেসের অধিবেশনে ইটালিয়ান রাজনীতিক! তুললেন ‘ভোটচুরি’ স্লোগান, রাহুলকে ‘দেশদ্রোহী’ খোঁচা বিজেপির

হায়দরাবাদে কংগ্রেসের ভারত সম্মেলনে উপস্থিত ইটালীয়ান রাজনীতিবিদ জিয়াকোমো ফিলিব্যাক। এবার তাঁর মুখে শোনা গেল ‘ভোটচুরি’ স্লোগান। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উপস্থিতিতে একজন বিদেশি রাজনীতিক কীভাবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে পারেন! তা নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির।

গত ১৩-১৪ নভেম্বর হায়দরাবাদে বসেছিল কংগ্রেসের ভারত সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন রাহুল-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। পাশাপাশি, সেখানে ছিলেন হাত শিবিরের নেতা-কর্মীরাও। অধিবেশনে যোগ দিয়েছিলেন পার্টি অফ ইউরোপিয়ান সোশালিস্টস (পিইএস)-এর মহাসচিব জিয়াকোমো। রাহুলের সুরে সুর মিলিয়ে তিনিও ‘ভোটচুরি’ স্লোগানে মেতে ওঠে। জিয়াকোমো বলেন, “উদ্বেগজনক পরিস্থিতির দিকে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের জন্য এ ধরনের সমাবেশ বা সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতে গণতন্ত্র আক্রমণের মুখে পড়েছে। আমাদের তা রক্ষা করতে হবে। আর এই রক্ষার সর্বোত্তম উপায় হল রাহুল এবং কংগ্রেস দলের পাশে দাঁড়ানো।” তিনি আরও বলেন, “পিইএস, কংগ্রেস এবং বিশ্বজুড়ে অন্যান্য রাজনৈতিক আন্দোলনগুলি একটি প্রগতিশীল জোটের অংশ, যা সামাজিক ন্যায়বিচার, জলবায়ু রক্ষা, মানবাধিকার ও গণতন্ত্রের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”

কংগ্রেসের সমাবেশে ইটালিয়ান রাজনীতিকের উপস্থিতি এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে। রাহুলকে নিশানা করে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারির অভিযোগ, নরেন্দ্র মোদিকে ক্ষমতাচ্যুত করার জন্য কংগ্রেস সাংসদ বিদেশি শক্তির সহায়তা চাইছেন। এক্স হ্যান্ডলে একটি পোস্টে তিনি লেখেন, ‘রাহুল বিদেশি শক্তি এবং জর্জ সোরোসের হাতের পুতুলে পরিণত হয়েছেন, যারা ভারতে অস্থিরতা চায়! তিনি ভারতে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছেন।’ অন্যদিকে, তেলেঙ্গানার বিজেপি সভাপতি এন রামচন্দর রাওয়ের প্রশ্ন, বিদেশি নেতাদের আমাদের দেশের গণতন্ত্র নিয়ে উপহাস করতে দেওয়া এবং তাঁদের মন্তব্যের প্রশংসা করা কি দেশদ্রোহিতা নয়? তাঁর কথায়, “রাহুল এখন আর একজন ভারতীয় নেতার মতো আচরণ করছেন না। তিনি যেন বিদেশি প্রভুদের হাতের পুতুল।”

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language