উৎসবের আবহে স্বামীহারা হয়েছেন প্রবীণ বাঙালি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার পরলোকগমন করেছেন প্রযোজক ও সুরকার জয়ন্ত মুখোপাধ্যায়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে হেমন্তপুত্রের। জয়ন্ত মুখোপাধ্যায়ের মৃত্যুতে মুখুজ্জে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বামীর মৃত্যুর তিনদিন পর প্রথম প্রতিক্রিয়া অভিনেত্রী-স্ত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের। কঠিন সময়ে নিজের এবং মেয়ের জন্য ব্যক্তিগত পরিসরে গোপনীয়তা বজায় রাখার আর্জি জানিয়েছেন। শোক সামলে উঠতে কিছুটা সময় চেয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়।
এক্স হ্যান্ডলে মৌসুমীর আবেদন, ‘আমার স্বামী জয়ন্ত, যাঁকে সকলে ভালোবেসে বাবু বলে ডাকতেন, তিনি আমাদের ছেড়ে পরলোকগমন করেছেন। এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আমাকে এবং আমার মেয়েকে কিছুটা সময় ও ব্যক্তিগত পরিসর দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আপনাদের প্রার্থনা ও ভালোবাসার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ জয়ন্ত মুখোপাধ্যায়ের স্মৃতিতে ১৫ নভেম্বর প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে। জয়ন্ত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বাবার স্মরণসভা সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেন মেয়ে মেঘা।

সেই বিবৃতিতে লেখা, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বাবা শ্রী জয়ন্ত হেমন্ত মুখোপাধ্যায় গত ১২ নভেম্বর, ২০২৬ তারিখে প্রয়াত হয়েছেন। তাঁর স্মরণে ১৫ নভেম্বর, ২০২৬, রবিবার একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে। সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা।’ জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে পাঁচ দশকের বেশি দাম্পত্য কাটিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। অল্প বয়সে বিয়ে করেছিলেন তাঁরা। চলতি বছরেই একটি সাক্ষাৎকারে মৌসুমী তাঁদের বৈবাহিক জীবন শুরুর দিনগুলোর কথা স্মরণ করেন।
My Husband Jayanta As All Fondly Remember Him As Babu Has Left Us For Heavenly Abode. Request All To Give Me And My Daughter Time And Space To Get through This Difficult Period. Truly Grateful For Yours Prayers And Support For The Same.
— Moushumi Chatterjee (@MoushumiChatte6) November 14, 2026
তিনি জানান, দশম শ্রেণিতে পড়ার সময় বাগদান ঠিক হয় এবং তার কিছুদিন পরই বিয়ে হয়ে যায়। বিয়ের পর মুম্বই হয় দম্পতির স্থায়ী ঠিকানা। মৌসুমী শুরু করেন তাঁর অভিনয় কেরিয়ার। তাঁদের দুই কন্যা সন্তান মেঘা মুখোপাধ্যায় ও পায়েল মুখোপাধ্যায়। তবে ২০১৯ সালের ডিসেম্বরে ৪৫ বছর বয়সে পায়েলের অকাল প্রয়াণ পরিবারের কাছে ছিল বিরাট ধাক্কা। সাত বছর পর স্বামীকে হারিয়ে জীবনের আরও এক শোকের মুহূর্তের সাক্ষী থাকলেন মৌসুমী

