দিন কয়েক আগে মটনে মিষ্টির রস মেশানোকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বিগ বস বাংলায়। শনিবার ‘দাদার দরবারে’ তা নিয়েই জীতু কামাল ও সৃজলা গুহকে নিশানা করলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, “তোমাদের মধ্যে বন্ধুত্ব বা কী সম্পর্ক, তা নিয়ে আমি কথা বলব না। কিন্তু একটা শিক্ষিত মানুষ হয়ে কীভাবে এই কাজটা করলে?” ধমকের মুখে জীতু বারবার সৃজলাকে বাঁচানোর চেষ্টা করলেও লাভ হয়নি। সর্বদা একা থাকা নিয়ে অভিনেত্রীকে তুলোধোনা করেন ‘দাদা’।

বিগ বসের দুর্গ মানেই কঠিন লড়াই। অল্প জিনিসে জীবনযাপনই সেখানকার মূল চ্যালেঞ্জ। দুর্গে ৭০ দিন কাটানোর পর প্রতিযোগীদের জন্য মটন পাঠানো হয়েছিল বিগ বসের তরফে। কিন্তু দেখা যায়, জীতু ও সৃজলা নিজেদেরটা আলাদা করে বাকিদের মাংসে মিশিয়ে দেয় মিষ্টির রস ও স্যাকারিন। যদিও প্রতিযোগীরা প্রথমে বুঝতেও পারেনি যে ঠিক কী সমস্যা হয়েছে। ফ্যামিলি উইকে মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে তনুশ্রী রায় দাসের মেয়ে তনুপ্রিয়া বিষয়টা ফাঁস করে। এরপরই দুর্গে আগুন জ্বলে। সকলেই অপেক্ষায় ছিলেন, সৌরভ গঙ্গোপাধ্যায় এ নিয়ে কী বলেন তা নিয়ে। শনিবার দেখা যায়, জীতু ও সৃজলাকে বেজায় ধমক দেন তিনি। তাঁদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেখানেই দাদাকে বলতে শোনা যায়, “জীতু এখন সৃজলার বন্ধু, বা যাই সম্পর্ক হোক তোমাদের, তা নিয়ে আমি কথা বলব না।” অর্থাৎ সব ঘটনার মতোই দাদা বুঝিয়ে দিলেন, তাঁদের ঘনিষ্ঠতা নিয়েও ওয়াকিবহাল তিনি।
স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে চর্চায় জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতা। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ওর ঘনিষ্ঠ কেউ নই। আমি ওর পরিবারের অংশও নই। তাই ও এখন কী ভাবছে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।” যদিও প্রাক্তন হলেও এখনও যে প্রয়োজনে যোগাযোগ হয়, তা স্বীকার করে নিয়েছেন নবনীতা। তিনি জানান, এখনও জীতুকে নিয়ে কোথাও কোনও বিতর্ক হলে তিনি মেসেজ পান। বিপদে-আপদে একে অপরের পাশে থাকেন, সম্পর্ক ঠিক এতটুকুই।
