সন্ত্রাসবিরোধী অভিযানে জম্মু ও কাশ্মীরে ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। গত কয়েকদিন ধরে গা ঢাকা দিয়ে থাকা মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি লতিফ ভাটকে ঘিরে ফেলেছে যৌথবাহিনী। জানা যাচ্ছে, গত ১১ নভেম্বর কুলগামে সেনা ক্যাম্পে হামলার মাস্টারমাইন্ড ছিল এই লতিফ। তাকে খুঁজে বের করতে গোটা কুলগাম জুড়ে তল্লাশি শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ ও ভারতীয় সেনা।
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সেনার চক্রব্যূহে বন্দি লতিফের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। সেই কথোপকথনের কিছুটা অংশ সামনে এসেছে। সেখানে লতিফের উদ্দেশে এক সেনাকর্তাকে বলতে শোনা যাচ্ছে, “আত্মসমর্পণ করুন। আমরা আপনার সঙ্গে আছি।” যদিও আত্মসমর্পণের প্রস্তাব খারিজ করে পালটা লতিফের তরফে জানানো হয়, গুলির লড়াইয়ে মৃত্যু হলেই বেশি খুশি হবে সে।
সেনার চক্রব্যূহে বন্দি লতিফের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করেছেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। সেই কথোপকথনের কিছুটা অংশ সামনে এসেছে।
গত ১১ নভেম্বর কুলগাম জেলার একটি চেকপয়েন্টে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ কর্মীদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। মোটর বাইকে এসে ক্যাম্প লক্ষ্য এলোপাথাড়ি গুলি চালানো হয়। অতর্কিত এই হামলায় আহত হয়েছিল ৩ জওয়ান। তদন্তে জানা যায়, এই হামলার নেপথ্যে ছিল ভারতে লস্করের শেষ কমান্ডার লতিফ ও তার সঙ্গী। ঘটনার দিন কুলগামে একাধিক সিসিটিভি ক্যামেরায় তাদের ছবি ধরা পড়ে। গত সোমবার কুলগামে লারু এলাকায় সেনা অভিযানে মৃত্যু হয় লতিফের সঙ্গী জঙ্গি নিসার দারের। তবে সেখান থেকে পালাতে সক্ষম হয় মূল চক্রী লতিফ। ওই অভিযানে লতিফ আহত হয় বলে জানা যায়।
লতিফের খোঁজে এরপর গোটা কুলগাম চষে ফেলে সেনা। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোর থেকে কুলগামে নতুন করে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। অনুমান করা হচ্ছে, আশপাশেই লুকিয়ে রয়েছে এই জঙ্গি। এলাকা ঘিরে ফেললেও লতিফের অবস্থান এখনও স্পষ্ট নয় সেনার কাছে। কোথায় থাকতে পারেন, তার আভাস মিললেও এখনও পর্যন্ত তাঁকে পাকড়াও করা সম্ভব হয়নি।
Source: Sangbad Pratidin India (Bengali)