কুণাল ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। আজ, সোমবার অষ্টমীর দুপুরেই তাঁকে নারকেলডাঙা থানায় তলব করা হয়েছে। কী কারণে কালীঘাট মমতাপন্থী বিধায়ককে তলব করা হল? কুণাল কি পুলিশের তলবে সাড়া দিয়ে থানায় যাবেন? সেই গুঞ্জন শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুণালের নামে বিজেপির তরফে একটি নতুন এফআইআর করা হয়েছে। এদিন দুপুর একটায় তাঁকে তলব করা হয়েছে।
জানা গিয়েছে, কুণাল ঘোষের আগে বেশ কিছুদিন আগে হামলা হয়েছিল। প্রথমে হুগলির উত্তরপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার সময় কুণালের গাড়িতে হামলা হয়েছিল। ভাঙচুর হয়েছিল গাড়ির কাচ! ওই ঘটনার পরদিন ফের তাঁর নিজের কেন্দ্র বেলেঘাটাতেই একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় কুণালের উপর হামলার অভিযোগ উঠেছিল। বাড়ির অদূরেই একদল বাইক বাহিনী তাঁর গাড়ির পিছু ধাওয়া করেছিল বলে অভিযোগ।
বন্দুক, হাতুড়ি নিয়ে গাড়ির উপর হামলা চলেছিল, গাড়ির কাচও ভাঙচুর করা হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার পরেই থানায় হাজির হয়েছিলেন কুণাল ঘোষ। বিজেপি ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছিলেন তৃণমূল বিধায়ক। থানায় অভিযোগও দায়ের হয়েছিল। সেই ঘটনাতেই বিজেপির তরফে এবার পালটা অভিযোগ করা হয়েছে থানায়। নারকেলডাঙা থানা থেকে সেই অভিযোগের ভিত্তিতেই তলব করা হয়েছে। এদিন দুপুর একটাতে কুণালকে ডাকা হয়েছে। থানায় নির্ষিষ্ট সময়েই যাবেন কুণাল ঘোষ, ঘনিষ্ঠ মহল সূত্রে সেই কথাই জানা গিয়েছে।
