ধরা যাক আপনি একটি চায়ের দোকানে গিয়েছেন। আচমকাই শুরু হল গান। এ তো স্বাভাবিক ব্যাপার। এই ধরনের দোকানে তো রেডিও বাজেই। কিন্তু এই গানম কোনও রেডিও বা মিউজিক সিস্টেম থেকে আসছে না! তা গাইছেন খোদ দোকানদার। জঙ্গিপুরে ক্ষুদিরাম মোড়ের চায়ের দোকানে এমনটাই রোজ ঘটে। গ্যাসের আঁচ আর চায়ের কাপের আড়ালে দোকানদার রেখে দিয়েছেন তাঁর গানকেও!
দোকানটা খুবই সাধারণ। টিনের ছাউনি, বেঞ্চি পাতা, এক কোণে গ্যাসের স্টোভ। কিন্তু এই দোকানের মালিক মনোজ শেখ মোটেই সাধারণ নন। তাঁর গলায় এমন জাদু আছে, যা শুনলে মনে হবে কোনও পেশাদার শিল্পী গাইছেন। মনোজের দিন শুরু হয় ভোরবেলা। গ্যাস জ্বালিয়ে দুধ বসানো, খদ্দেরদের চা দেওয়া— এই সব করতে করতেই তাঁর মুখ থেকে বেরিয়ে আসে গান। কখনও রফি, কখনও কিশোর, কখনও আবার মহম্মদ আজিজ। পুরনো দিনের গানগুলো তাঁর গলায় যেন নতুন করে প্রাণ পায়।

যাঁরা নিয়মিত তাঁর দোকানে আসেন, তাঁরা বলেন, মনোজের চায়ের স্বাদ আলাদা নয়, কিন্তু তাঁর গানের স্বাদ আলাদা। চা খেতে এসে মানুষ গান শুনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। অনেকেই মোবাইলে ভিডিও করে। সেই ভিডিও থেকেই একদিন তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিত হয়ে যান। এখন বহু মানুষ তাঁকে চেনেন চা-ওয়ালা শিল্পী হিসেবেই।
মনোজের জীবনটা কিন্তু মোটেই সহজ ছিল না। মির্ধাপাড়ার ছোট্ট বাড়িতে বড় হয়েছেন। সংসারে টানাটানি লেগেই থাকত। পড়াশোনা বেশিদূর এগোয়নি। গান শেখার জন্য কোনও মাস্টারমশাইয়ের কাছে যাওয়ার সুযোগই ছিল না। রেডিও আর ক্যাসেট শুনেই গান রপ্ত করেছেন। একটা সময় ভেবেছিলেন, হয়তো গান গেয়ে কিছু করা যাবে। কিন্তু বাস্তব বড় কঠিন। সংসার চালাতে হবে। তাই চায়ের দোকানকেই বেছে নেন পেশা হিসেবে। তবে গানকে কখনও দূরে সরিয়ে দেননি। দোকানটাকেই বানিয়ে ফেলেছেন নিজের মঞ্চ। তাঁর কাছে চা বানানো আর গান গাওয়া আলাদা কিছু নয়। দুটোই একসঙ্গে চলে। খদ্দের চা চাইলে তিনি চা দেন, আর গান শুনতে চাইলে গান শোনান। কোনও বিরক্তি নেই, কোনও ক্লান্তি নেই।
এখন তাঁর দোকানে নিয়মিত আসেন এলাকার বহু সঙ্গীতপ্রেমী মানুষ। কেউ কেউ তাঁকে সুরের খুঁটিনাটি শিখিয়ে দেন। কেউ আবার তাঁকে উৎসাহ দেন বড় কোথাও গান গাওয়ার জন্য। মনোজও চান, একদিন সত্যিকারের মঞ্চে উঠে গান গাইতে। তবে আপাতত সেই স্বপ্নকে হৃদয়ের কোণে রেখে দিয়ে নিজের সুরেই মজে রয়েছেন মনোজ। গান যে তাঁর যাপনেরই অংশ।
