Hashtagintro

ক্যানিংয়ে ভেড়ি দখল ঘিরে সংঘর্ষে জখম ১২, অভিযুক্তদের কান ধরিয়ে গাড়িতে তুলল পুলিশ!

মাছের ভেড়ির দখলকে ঘিরে দু’পক্ষের সংঘর্ষে মহিলা-সহ ১২ জন গুরুতর জখম। সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানার তালদি গ্রাম পঞ্চায়েতের খাসকুমড়োখালি এলাকায়। দুপক্ষের সংঘর্ষে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়ায়। ক্যানিং থানার আইসি তুষার বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজন অভিযুক্তকে পাকড়াও করে কান ধরিয়ে গাড়িতে তোলে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় কয়েকশো বিঘা জমির উপর একটি বড় মাপের মাছের ভেড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই ভেড়ির মালিকানা ও দখলদারি নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল। এদিন দুপুরে প্রথমে বচসা শুরু হয়। পরে সেটি হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, দুপক্ষই লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে একে অপরের উপর চড়াও হয়। প্রায় আধ ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। তৃণমূলের লোকজন বিজেপির উপর হামলা চালিয়েছে, সেই অভিযোগও ওঠে। ঘটনায় রাজনৈতিক রংও লেগেছে।

বিজেপির খাসকুমড়োখালির ৭২ নম্বর বুথের বুথ সভাপতি মনিরুল লস্করের অভিযোগ, মিটিংয়ে যাওয়ার সময় তৃণমূলআশ্রিত প্রায় ৫০ জন দুষ্কৃতী তাঁদের বাড়িতে চড়াও হয়ে মারধর ও ভাঙচুর চালায়। এতে তাঁদেরপক্ষের ৭ জন গুরুতর জখম হন। তিনি তালদি পঞ্চায়েতের তৃণমূল সদস্য জলিল লস্কর, লতিফ লস্কর, আজারুল লস্কর, খতিব লস্কর-সহ অন্যদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে সাকের লস্কর, সারাফত লস্করদের দাবি, তাঁরা বিজেপি করেন। প্রতিপক্ষ আইএসএফ করে। অভিযোগ, প্রতিপক্ষ তাঁদের ভেড়ি দখল করতে গিয়ে বাধা পেয়ে তাঁদের পক্ষের ৫ জনকে বেধড়ক মারধর করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভেড়িটি দীর্ঘদিন ধরে তৃণমূলের দখলে ছিল বলে অভিযোগ রয়েছে। সোমবার বিকেলে বিজেপির স্থানীয় নেতৃত্ব ও সমর্থকদের নিয়ে একটি মিটিং হয়। সেখানে ভেড়ির ভাগ-বাটোয়ারা নিয়ে আলোচনা হয় বলে খবর ছড়ায়। এরপরই ভেড়ি হাতছাড়া হওয়ার আশঙ্কায় অপরপক্ষ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, উভয়পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। ঘটনায় জড়িত ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language