পঁচিশ সাল থেকেই খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ। অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় ‘পাঞ্জাবি পপস্টারে’র অস্ট্রেলিয়ার কনসার্ট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল সংশ্লিষ্ট সংগঠন। শুধু তাই নয়, বিদেশের কনসার্ট বয়কট করার ডাক দিয়ে দিলজিৎকে ভাতে মারার হুমকিও ছুড়েছিল। এরপর গত মে মাসে কানাডায় কনসার্ট করতে গিয়ে খলিস্তানপন্থীদের তাণ্ডবের শিকার হন দিলজিৎ দোসাঞ্ঝ। তবে দমে যাননি। বরং ভবিষ্যতে এহেন ঘটনার সম্মুখীন হলে কনসার্ট থেকে ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শিল্পী। কিন্তু তাতেও খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠীর বাড়বাড়ন্ত বন্ধ হয়নি। এবার ফের একবার খলিস্তানিদের নিশানায় দিলজিৎ!
রাত প্রায় দেড়টা নাগাদ বাড়ির বাইরে স্প্রে পেইন্টের গন্ধ পেয়ে তাঁর সন্দেহ হয়। বাইরে বেরিয়ে তিনি দেখতে পান চারজন ব্যক্তি দেওয়ালে স্লোগান লিখছে।
‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার ঠিক আগেই পাঞ্জাবের কালানে দিলজিতের পৈতৃক ভিটেয় খলিস্তানিদের তাণ্ডব! ঠিক কী ঘটেছে? জানা গিয়েছে, দিলজিতের প্রতিবেশীর দেওয়াল ছেয়ে গিয়েছে সংশ্লিষ্ট নিষিদ্ধ গোষ্ঠীর স্লোগানে। প্রতিবেশী মুক্তিয়ার জানিয়েছেন, যে বা যারা এই কাজ করেছে, তারা সম্ভবত আমার বাড়িটিকেই দিলজিতের বাড়ি বলে ভেবে নিয়েছিল। তাঁর কথায়, রাত প্রায় দেড়টা নাগাদ বাড়ির বাইরে স্প্রে পেইন্টের গন্ধ পেয়ে তাঁর সন্দেহ হয়। বাইরে বেরিয়ে তিনি দেখতে পান চারজন ব্যক্তি দেওয়ালে স্লোগান লিখছে। বাধা দিতে গেলে ওই ব্যক্তিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। মুক্তিয়ারের দাবি, তাঁর বাড়িটি দিলজিতের পৈতৃক ভিটে থেকে কিছুটা দূরে অবস্থিত। সেকারণেই অভিযুক্তরা সম্ভবত ভুল করে তাঁর বাড়িকেই গায়কের বাড়ি বলে ভেবেছিল।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন গোরায়া থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর হরভজন সিং। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। এদিকে, দেওয়ালে লেখা বিতর্কিত স্লোগানগুলি ইতিমধ্যেই সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তবে দিলজিতের আসন্ন মিউজিক্যাল টুরের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।
