তিনিই ভারতে জেন জি আন্দোলনের মুখ। অতীতে প্রশ্নফাঁস আন্দোলন থেকে শুরু করে গত ১২ অক্টোবর ভোটচুরির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে তুমুল বিক্ষোভেও সামনে সারিতে ছিলেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। ‘ইন্ডি’ জোটের বিরোধী মঞ্চে খোদ রাহুল গান্ধী তাঁকে সামনের সারিতে স্থান করে দেন। সবখানেই দেখা গিয়েছে, নেহার পরনে ‘ওয়ান পিস’ লাল টি-শার্ট। যেটির পিছনের অংশে রয়েছে একটি বিশেষ লোগো। এই ‘ওয়ান পিস’ টি-শার্টের মাহাত্ম্য জানেন? কেন ভারত থেকে নেপাল, সবখানে প্রতিবাদীদের পরনে এই বিশেষ পোশাক?
নেহার টি-শার্টে ‘ওয়ান পিস’ (ONE PIECE) কথাটি লেখা রয়েছে ইংরেজি বোল্ড অক্ষরে। এর মধ্যে ও (O)অক্ষরটিকে লোগোর আকার দেওয়া হয়েছে। বৃত্তে রয়েছে মানুষের মাথার খুলি। খুলির মাথায় হলুদ-কমলা রঙের জলদস্যুর টুপি (হ্যাট)। আদতে বিখ্যাত ও কুখ্যাত জলদস্যুদের পতাকা ‘জলি রজার’-এর রূপ। অতীতে এক্স হ্যান্ডেলের পোস্টেও এই লোগো দেওয়া টি-শার্ট পরা অবস্থায় বিশেষ ভঙ্গিতে দেখা গিয়েছে নেহাকে। ক্যাপশানে তিনি লিখেছিলেন, “আজ দিল্লি হাট হয়ে উঠছে যন্তর মন্তর! দেখা হবে সেখানে!”
ওয়ান পিস টি-শার্টে ‘জলি রজার’ প্রতীক নতুন করে বিশ্ব বাজারে জনপ্রিয় হয়েছে। এটি আসলে জাপানি কমিকস ‘মাঙ্গা’র হাত ধরে বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করে। নেপালে ‘জেন জি’-দের আন্দোলনেও এই প্রতীকের পতাকা দেখা গিয়েছিল। পাশাপাশি ইন্দোনেশিয়া, ফিলিপিন্স ও ব্রিটেনে এই পতাকা দেখা গিয়েছে। অতি সম্প্রতি ফ্রান্সের বিক্ষোভেও জেন জিদের পরনে ‘ওয়ান পিস’ টি-শার্ট দেখা গিয়েছে। যেখানে উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছিল।
নেহা বোরার ‘ওয়ান পিস’ লোগো-যুক্ত টি-শার্ট এখন সোশাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয়। অনেকে যেমন যুব বাম নেত্রীর প্রতি সংহতি প্রকাশ করছেন। অন্যরা তাঁর পোশাক নির্বাচনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশ্বের আরও কয়েকটি দেশে বিক্ষোভের সময় একই প্রতীক ব্যবহারের বিষয়টি সামনে এনেছেন। আদতে শাসক দল যে অভিযোগ করছে, ভারতে জেন আন্দোলনের ষড়যন্ত্র হচ্ছে বিদেশে থেকে। সেই অভিযোগ তোলা হচ্ছে। যদিও নেপালে জেন জি আন্দোলনের অন্যতম মুখ বিখ্যত খাত্রী জানিয়েছেন, “আক্রমণাত্মক মনোভাব এবং পথের বাধাকে সরিয়ে দেওয়ার দৃঢ় সংকল্পই এই লোগোর মর্মার্থ।
Source: Sangbad Pratidin India (Bengali)
