উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রূপে দেশের নিরাপত্তা শক্তিশালী করেছেন লালকৃষ্ণ আডবানি। জোর দিয়েছেন সংবিধানের সুরক্ষায়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থানের ফলেই এ-দেশ কঠোর সন্ত্রাসবিরোধী আইন পেয়েছে। আজ, ৮ নভেম্বর, ১০০ বছরে পদার্পণ করলেন তিনি। সুস্থ থাকুন, ভবিষ্যতেও আমাদের অনুপ্রেরণা হয়ে বিরাজ করুন- এই প্রার্থনা।
আজ ৮ নভেম্বর, লালকৃষ্ণ আডবানি শতবর্ষে পা রাখলেন। ঘটনাচক্রে, এবার দীপাবলিতেই
তঁার জন্মদিন। দীপাবলি মানেই প্রভু শ্রীরাম এবং প্রদীপ প্রজ্জ্বলন। কাকতালীয়ভাবে এ বছর আমরা ‘ভারতীয় জন সংঘ’ প্রতিষ্ঠার ৭৫ বছর এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী পালন করছি। সম্প্রতি আরএসএসের শতবর্ষও উদ্যাপিত হল।
খুব কম মানুষই আছেন, যঁাদের জীবন আধুনিক ভারতের ভিন্ন ভিন্ন অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে। আডবানিজি ১৯২৭ সালের ৮ নভেম্বর, ‘দেব দীপাবলি’-র পবিত্র তিথিতে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে, তরুণ বয়সে, তঁাকে সিন্ধু প্রদেশ থেকে নিজের পরিচিত পরিবেশ ছেড়ে আসার কষ্ট সহ্য করতে হয়। অন্তরে কোনও তিক্ততা বহন না করেই একেবারে শূন্য থেকে নিজের জীবন নতুন করে গড়ে তুলেছিলেন তিনি। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে শূন্য থেকে সব গড়ে তোলার এই বৈশিষ্ট্য তঁার সারা জীবনের সঙ্গী। ভারতীয় জন সংঘকে শক্তিশালী করার সময় এবং পরবর্তীতে বিজেপি গড়ে তোলার ক্ষেত্রেও তঁার চরিত্রের এই গুণটি স্পষ্ট হয়ে উঠেছিল। বিজেপির সভাপতি পদে আসীন থাকাকালীন, ১৯৮৯ সালে, কংগ্রেসের আসন সংখ্যা ৪০০ থেকে ২০০-এর নিচে নেমে আসে এবং ১৯৯৬ সালে বিজেপি প্রথমবারের মতো একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে আডবানিজি অসংখ্য দলীয় কার্যকর্তাকে গড়ে তুলেছেন। ‘দেশকে অগ্রাধিকার’– এই মূলনীতি অনুসরণ করে দলকে শক্তিশালী একটি ভিত্তির উপর স্থাপন করেছেন। তঁার দু’টি গুণ তঁাকে নেতা রূপে অন্যদের থেকে আলাদা করেছে। প্রথমটি হল, স্পষ্ট আদর্শ অনুসরণ করা ও তীক্ষ্ণ বুদ্ধি। তঁার ভাষণ ও লেখার মধ্যে যার প্রতিফলন দেখা যায়। ভারতীয় জন সংঘ ও বিজেপির জন্য তঁার লেখা প্রস্তাবনাগুলি এখনও প্রাসঙ্গিক। এছাড়া তঁার দেওয়া সাক্ষাৎকারগুলি অত্যন্ত সুচিন্তিত, তীক্ষ্ণ ও সুনির্দিষ্ট মনোভাবের প্রতিফলন।
দ্বিতীয়ত, ভারতের রাজনৈতিক পরিসরের একটি বড় অংশ দীর্ঘ দিন ধরে যে ‘ছদ্ম ধর্ম নিরপেক্ষতা’ বা ‘সিউডো-সেকুলারিজম’-এর প্রচার করে আসছিল, আডবানিজি সেটি সকলের কাছে উন্মোচিত করেছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তঁার উপর ন্যস্ত প্রতিটি দায়িত্ব পালন করেছেন। প্রাথমিকভাবে আরএসএস প্রচারক হিসাবে রাজস্থানের বিভিন্ন অঞ্চলে কাজ করেন। সেখান থেকে জাতীয় রাজধানীতে আসেন, অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ শুরু করেন। দু’জন অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক নেতার দীর্ঘ কয়েক দশক ধরে একে-অপরের প্রতিদ্বন্দ্বী না হয়ে, সহযোগিতার মনোভাব নিয়ে একসঙ্গে কাজ করার ঘটনা বিরল। ইতিহাস এর সাক্ষী। আডবানিজি এবং অটলজি এক্ষেত্রে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। যৌথভাবে তঁারা ভারতীয় রাজনীতির গতিপথ বদলে দিয়েছেন।
ভারতের রাজনৈতিক পরিসরের একটি বড় অংশ দীর্ঘ দিন ধরে যে ‘ছদ্ম ধর্ম নিরপেক্ষতা’ বা ‘সিউডো-সেকুলারিজম’-এর প্রচার করে আসছিল, আডবানিজি সেটি সকলের কাছে উন্মোচিত করেছিলেন।
আডবানিজি যখন দিল্লিতে আসেন, তখন শহরটি দেশভাগের ভয়াবহতার ক্ষত কাটিয়ে
ওঠার চেষ্টা করছিল। সে-সময় নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন ভারতীয় জন সংঘকে শক্তিশালী করার কাজে। ১৯৬৭ সালে তিনি মেট্রোপলিটন কাউন্সিলের চেয়ারম্যান হন। প্রয়াত বিজয় কুমার মালহোত্রার সঙ্গে সেখানে কঁাধে কঁাধ মিলিয়ে কাজ করেছেন। শ্রীমালহোত্রা ছিলেন চিফ এগজিকিউটিভ কাউন্সিলর।

আডবানিজি সংসদীয় জীবনের সূচনা ১৯৭০ সালে। সংসদে তঁার বক্তব্য ও ভূমিকা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলের প্রশংসা অর্জন করেছে। একজন সাংসদ হিসাবে, পরবর্তীকালে উভয় কক্ষে বিরোধী দলনেতা হিসাবে, এবং সরকারি বেঞ্চে থেকেও এক অনন্য পরিচিতি লাভ করেন তিনি। সংসদীয় ব্যস্ততার মধ্যেও নিয়মিত ভারত ভ্রমণ করেছেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।
১৯৯১ সালের লোকসভা নির্বাচনের কথা আমার স্পষ্ট মনে আছে। সেবার সিদ্ধান্ত নেওয়া হয়, আডবানিজি দু’টি আসন থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে একটি গান্ধীনগর। গুজরাতের সঙ্গে তঁার সম্পর্ক দীর্ঘ দিনের। দেশভাগের পর তঁার বাবা কচ্ছে চলে আসেন। আডবানিজি গুজরাত থেকে রাজ্যসভার সাংসদ হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তাই, বিষয়টি ছিল এক অর্থে নিজের ঘরে ফেরার মতো। বিজেপির সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত থাকায়, তঁার নির্বাচনী নথিপত্র তৈরি করা, পুরো প্রচার পর্বে তঁাকে সহায়তা করার সৌভাগ্য আমার হয়। গান্ধীনগরের মানুষ বারবার তঁাকে সংসদে পাঠিয়েছেন। গান্ধীনগরের একজন ভোটার হিসাবে, আমিও বহুবার তঁাকে ভোট দেওয়ার সৌভাগ্য অর্জন করেছি। নিজের নির্বাচনী এলাকার প্রতি তিনি যেভাবে যত্ন ও মনোযোগ দিতেন, শিক্ষণীয়।
আডবানিজির জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ ছিল জরুরি অবস্থা। গণতন্ত্রকে রক্ষা
করা এবং সংবিধান সুরক্ষার লড়াইয়ে তিনি ছিলেন প্রথম সারিতে। সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে তঁার লেখা বই “আ প্রিজনার’স স্ক্র্যাপ-বুক”-এ। বইটির একটি অংশের শিরোনাম ‘আ টেল অফ টু ইমার্জেন্সিস’। এই ভাগে ১৯৩৩ সালের নাৎসি শাসনে জার্মানির ঘটনাবলির সঙ্গে ১৯৭৫ সালের জুন মাস থেকে ভারতে ঘটে যাওয়া ঘটনাগুলির সাদৃশ্য অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা।
আডবানিজি ছিলেন একাধারে শক্তিশালী বিরোধী নেতা, পাশাপাশি অত্যন্ত দক্ষ এক প্রশাসক। ১৯৭৭ সালে যখন জনতা সরকার ক্ষমতায় আসে, তখন তঁাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। এই দফতরে তঁার কাজের প্রভাব যে সুদূরপ্রসারী ছিল তা সর্বজনস্বীকৃত। উপ-প্রধানমন্ত্রী এবং ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা স্বরাষ্ট্রমন্ত্রীদের একজন রূপে ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জীবনযাত্রার মানোন্নয়নে তঁার অবদান এখনও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থানের ফলেই ভারত একটি কঠোর সন্ত্রাসবিরোধী আইন পেয়েছিল।
আডবানিজির জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ ছিল জরুরি অবস্থা। গণতন্ত্রকে রক্ষা
করা এবং সংবিধান সুরক্ষার লড়াইয়ে তিনি ছিলেন প্রথম সারিতে।
বলা বাহুল্য, আডবানিজির জীবনে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রাও একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ভারতীয় সমাজের গতিপথকে যা ইতিবাচক দিকে পরিবর্তিত করে। এই রথযাত্রার পরিকল্পনার পর্যায় থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত– প্রতিটি পর্বে যুক্ত থাকার সুযোগ পাওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। রথযাত্রা শুরুর সময় সোমনাথে উপস্থিত থাকাটা ছিল এক বিশেষ অভিজ্ঞতা। একটি রথযাত্রা অত্যন্ত শ্রমসাধ্য। এখানে দীর্ঘ সময় একনাগাড়ে চলা, শারীরিক সহনশীলতা এবং ক্লান্তি সত্ত্বেও নিজ লক্ষ্যে অবিচল থাকার ক্ষমতার প্রয়োজন হয়। শ্রীআডবানি ছিলেন এই সহনশীলতার মূর্ত প্রতীক।
বিহারের মাটিতে আডবানিজির গ্রেফতার হওয়ার মতো দুঃখজনক মুহূর্তগুলির স্মৃতিও আমার আছে। এরপর গুজরাতে, চিমনভাই প্যাটেলের সরকার থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করে নেয়। এর মাধ্যমে স্পষ্ট একটি বার্তা দেওয়া হয়, সেটি হল– আমাদের আদর্শ এবং রাম মন্দিরের সঙ্গে কোনও অবস্থাতেই কোনও আপস করা হবে না। আমাদের অনেক প্রবীণ নেতা এবং কার্যকর্তা শপথ নিয়েছিলেন– পরিস্থিতি যা-ই হোক, রাম মন্দির নির্মিত হবেই। আর বহু বছর পর, ভারতের জনগণের আশীর্বাদে অযোধ্যায় প্রভু শ্রীরামের সুবিশাল এক মন্দির বাস্তবেই রূপ নিয়েছে।

আডবানিজির ব্যক্তিত্বের অসাধারণ সব দিক রয়েছে। যেমন, তঁার সারল্য। নবনির্মাণ আন্দোলনের পর, তিনি জুনাগড়ে এসেছিলেন এবং একজন সাধারণ কার্যকর্তা হিসাবে এক মাস ছিলেন। সেই সময় তিনি বিধানসভা নির্বাচনের জন্য দলকে প্রস্তুত করেন। সেই নির্বাচনে কংগ্রেস পরাজিত হয়। জনজীবনে সততা ও নৈতিকতা কী হওয়া উচিত, তার আদর্শ দৃষ্টান্ত এই মানুষটি। প্রচুর পড়াশোনা করেন। যঁারা তঁার সঙ্গে সময় কাটিয়েছেন, তঁারা জানেন কত মনোযোগ দিয়ে তিনি খবরের কাগজ পড়েন। সিনেমা ও নাটকেরও দারুণ অনুরাগী তিনি এবং একটা সময় চলচ্চিত্রের উৎসাহী সমালোচকও ছিলেন। ইতিহাস সম্পর্কে গভীর ধারণা এবং ইতিহাসকে সংরক্ষণের প্রয়োজনীয়তার বিষয়টি তঁার লেখা বই ‘মাই কান্ট্রি মাই লাইফ’ পড়লে বোঝা যায়।
তিনি সবসময় সিন্ধি সংস্কৃতির শিকড়কে মনে রেখেছেন। লেহ-র কাছে ‘সিন্ধু দর্শন পূজা’-কে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। আমি ও জর্জ ফার্নান্ডেজ একবার তঁার সঙ্গে একবার এই পূজায় অংশ নিই। আডবানিজির এই অসাধারণ জীবনযাত্রার কথায় কমলা আডবানির কথা উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যাবে। তঁার দীর্ঘ রাজনৈতিক ও জনজীবনে কমলাজি সবসময় তঁার শক্তির উৎস ও সমর্থনের কেন্দ্রবিন্দু ছিলেন।
আডবানিজির এই অসাধারণ জীবনযাত্রার কথায় কমলা আডবানির কথা উল্লেখ না করলে অসম্পূর্ণ থেকে যাবে। তঁার দীর্ঘ রাজনৈতিক ও জনজীবনে কমলাজি সবসময় তঁার শক্তির উৎস ও সমর্থনের কেন্দ্রবিন্দু ছিলেন।
করাচিতে বড় হয়ে ওঠা আডবানিজি হয়তো কখনও কল্পনাও করতে পারেননি যে, তঁার জীবন কোন পথে এগিয়ে যাবে। ২০২৪ সালে কৃতজ্ঞ ভারত সরকার তঁাকে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করে। এই পুণ্যলগ্নে, যখন জীবনের শতবর্ষে পদার্পণ করছেন, আমার প্রার্থনা– তিনি যেন সুস্বাস্থ্যের অধিকারী হন, এবং সর্বদা যেভাবে আমাদের অনুপ্রাণিত করে এসেছেন, ভবিষ্যতেও যেন একইভাবে তা জুগিয়ে যান।
(মতামত নিজস্ব)
লেখক ভারতের প্রধানমন্ত্রী
