জল্পনাটা প্রায় মাস ছ’য়েকের। এবার সম্ভবত সত্যিই কেন্দ্রের নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে। সূত্রের দাবি, সব ঠিক থাকলে আগামী ২৩ নভেম্বর মন্ত্রিসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী। সূত্র বলছে, সরকারের ১২ প্রতিষ্ঠান বিরোধিতা কাটাতে এবং তরুণ প্রজন্মের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়াতে এবার তারুণ্যে জোর দিতে চাইছেন মোদি। ফলে এবার মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখের দেখা মিলতে পারে।
মাস কয়েক আগেই তৃতীয় মেয়াদের দু’বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অতীতের রীতি বলছে, মোদি প্রধানমন্ত্রী হওয়ার দু’বছর পর মন্ত্রিসভায় রদবদল হয়। তাছাড়া নীতীন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর নিজের নতুন টিমও বানিয়ে ফেলেছেন। সূত্র বলছে, এবার মন্ত্রিসভার রদবদলের পালা। নতুন যে টিম তৈরি হবে, এই টিম নিয়েই ২০২৯ লোকসভা নির্বাচনের ময়দানে অবতীর্ণ হবেন প্রধানমন্ত্রী। বেশ কিছুদিন ধরেই সেই প্রস্তুতি চলছে। কিন্তু জাতীয় রাজনীতির নানা ঘাত প্রতিঘাতের জন্য সেটা এতদিন ঘোষণা করা সম্ভব হয়নি। উৎসবের মরশুম মিটলেই রদবদলের সিদ্ধান্তে সিলমোহর পড়ে যাবে। সেই তারিখটা সম্ভবত ২৩ নভেম্বর। সরকারি ঘোষণা না হলেও জল্পনা তেমনটাই।
সূত্র বলছে, ছট পুজোর পরই আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাশ করাতে একটি বিশেষ অধিবেশন ডাকতে পারে সরকার। সেই বিশেষ অধিবেশনের আগে জাতীয় রাজনীতিতে একাধিক বড় বদল হয়ে যেতে পারে। আসন পুনর্বিন্যাস বিল পাশের জন্য প্রয়োজন সংবিধান সংশোধনী। সেখানে সংখ্যাগরিষ্ঠতায় কাজ হবে না, চাই দুই-তৃতীয়াংশ সমর্থন। লোকসভায় সংখ্যাটা ৩৬০। এই মুহূর্তে সরকারিভাবে এনডিএর হাতে রয়েছে ৩১৭ জন সাংসদের সমর্থন। ইতিমধ্যেই একবার ব্যর্থ হয়েছে এই বিল পাশের প্রচেষ্টা। আবারও সেটা হোক, মোটেই চাইছে না মোদি সরকার। বিলটি পাশ করাতে এনডিএর বাইরে থেকে বহু সাংসদ সরকারকে সমর্থন করবে, তেমনটাই আশা বিজেপির। এমনকী এনসিপির মতো দল সরাসরি এনডিএ শিবিরে নাম লেখাতে পারে। সেক্ষেত্রে তাঁদের ‘পুরস্কার’ হিসাবে নতুন করে মন্ত্রিসভায় জায়গা করে দিতে পারেন প্রধানমন্ত্রী। যদিও কোনওটাই চূড়ান্ত নয়, সবটাই নিরপেক্ষ।
লোকসভার শীতকালীন অধিবেশন চলতি মাসের শেষ থেকেই। তার আগেই মন্ত্রিসভায় রদবদলের কাজটা সেরে ফেলতে পারেন প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে, অন্তত ৭-৮ জন সাংসদ নতুন করে মন্ত্রী হতে পারেন। প্রত্যাশিতভাবেই মন্ত্রিসভার একাধিক সদস্যের উপর ছাঁটাইয়ের খাঁড়া ঝুলছে। সেই তালিকায় একেবারে শীর্ষস্তরের বিজেপি নেতারাও রয়েছেন। নতুন যারা মন্ত্রী হতে পারেন, তাঁদের মধ্যে নাম শোনা যাচ্ছে অভিনেতা সাংসদ অরুণ গোভিলের। পর্দায় দীর্ঘদিন রামের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। মন্ত্রিসভায় ঢুকে যেতে পারেন, বাংলায় তৃণমূল শিবিরে ভাঙন ধরানো কাকলি ঘোষ দস্তিদারও। শিব সেনার বিদ্রোহী গোষ্ঠীর কাউকে মন্ত্রী করা হবে বলেও খবর। পাঞ্জাবে আপে ভাঙন ধরানো রাঘব চাড্ডার নামও শোনা যাচ্ছে।