জলসার চাঁদা চেয়ে না পেয়ে প্রথমে গালিগালাজ, প্রতিবাদ করতেই কুড়ুল নিয়ে এক ব্যক্তিকে হামলার অভিযোগ উঠল। এই ঘটনায় হাবড়ার কাশিমপুরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রক্তাক্ত হন ওই ব্যক্তি। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথায় দশটি সেলাই পড়েছে। চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা আশঙ্কাজনক। হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন। এই ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
আক্রান্ত ব্যক্তির নাম অনুপ তালুকদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে পাড়ার জলসা থেকে ফিরছিলেন অনুপ। সেই সময় চাঁদা না দেওয়ার প্রসঙ্গ তুলে তাঁকে অপমান করেন এলাকার দুই যুবক। এই ঘটনার প্রতিবাদ করেন অনুপ। দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, তর্কাতর্কি চলাকালীন একজন কুড়ুল দিয়ে অনুপের মাথায় আঘাত করে। হামলায় আরও এক যুবক ও এক মহিলা জড়িত বলে অভিযোগ উঠেছে। কুড়ুলের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অনুপ। স্থানীয়রাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মাথায় ১০টি সেলাই পড়ে। পরে অবস্থার অবনতি হলে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়ে অনুপকে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।
আক্রান্তের অভিযোগের ভিত্তিতে ৩ জনকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। তাঁদের মধ্যে একজন মহিলাও রয়েছে। চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের। এর পিছনে আর কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ।
