আগামীকাল ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গুজরাট থেকে বিহার। বিহার থেকে মালদহের মানিকচক। সেখান থেকে ফিরবেন কলকাতা। বৃহস্পতিবার মালদহের মানিকচকের ভূতনির বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অর্থসাহায্য থেকে একাধিক সাহায্যের কথা ঘোষণা করার কথা তাঁর। পুজোর উপহারও দেবেন বলে জানা যাচ্ছে। খতিয়ে দেখবেন সার্বিক পরিস্থিতি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর প্রশাসনিক জীবনের পূর্তি উপলক্ষে বুধবার বিশেষ অনুষ্ঠান রয়েছে গুজরাটে। সেই অনুষ্ঠানে যোগ দিতে পাহাড় সফর কাটছাট করে গুজরাট উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামিকাল বৃহস্পতিবার সকালে বিহারের পূর্ণিয়ায় যাওয়ার কথা তাঁর। সেখান থেকে মালদহের মানিকচকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অর্থ সাহায্য থেকে একাধিক সরকারি সাহায্যের ঘোষণা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
কিছুদিন আগে ভয়াবহ বন্যা দেখেছে মালদহের ভূতনি চরের বাসিন্দা। ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পরিবারগুলিকে সাহায্যের ঘোষণা করার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বুধ রাতে মুখ্যমন্ত্রী গুজরাট থেকে ফিরে এলে আগামিকাল কলকাতা বিমানবন্দর থেকে বিহারের পূর্ণিয়া বিমানবন্দরে যাবেন। সেখানে বিহারের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে সম্ভাবনা রয়েছে তাঁর। পূর্ণিয়া থেকে হেলিকপ্টারে করে মালদার মানিকচক যাওয়ার কথা।
আবহাওয়া খারাপ থাকলে বিহারে পূর্ণিয়া থেকেই মানিকচকের সরকারি সভার ভার্চুয়াল উদ্বোধন করতে পারেন। অথবা সড়কপথে যেতে পারেন মানিকচক। তারপর কলকাতা ফিরবেন একই রুটে। তবে যদি আজ বুধবার গুজরাটে থেকে যান তাহলে, আগামিকাল গুজরাট থেকেই সরাসরি পূর্ণিয়া যাবেন। তারপর সেখান থেকে মানিকচক। মালদহ প্রশাসনকে প্রস্তুতি নিয়ে রাখার কথা বলা হয়েছে বলে সূত্র মারফত খবর।
