দীপাবলির আনন্দে মাতোয়ারা গোটা বিশ্ব। কেবল ভারত নয়, বিশ্বের নানা প্রান্তেই পালিত হচ্ছে আলোর উৎসব। তাৎপর্যপূর্ণভাবে, ইরান থেকে শুরু করে আমেরিকা-প্রত্যেক দেশের তরফ থেকেই আলোর উৎসবের বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।
প্রত্যেকবছরের প্রথামাফিক হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনে শামিল হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রশাসনের ভারতীয় বংশোদ্ভূত আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, বিশিষ্ট শেফ বিকাশ খন্নারাও। শনিবার দীপাবলি উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন ট্রাম্পের দলের ভারতীয় বংশোদ্ভূত নেত্রী তুলসী গ্যাবার্ড। তাঁর বার্তা, ‘সমস্ত অন্ধকার সরিয়ে আমাদের জীবনকে আলো, আনন্দ এবং শান্তিতে ভরিয়ে তুলতে পারে ঈশ্বরের ভালোবাসা। সকলকে দীপাবলির শুভেচ্ছা।’ উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে মার্কিন মুলুকে হিন্দুদের উপর আক্রমণ বেড়েছে। সেই পরিস্থিতিতে তুলসীর বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ।
ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো ইসলামিক দেশগুলির তরফেও জানানো হয়েছে দীপাবলির শুভেচ্ছা। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালির বার্তা, অন্ধকারকে হারিয়ে আলোর বিজয়ী হওয়ার ধারণাটা ভারত এবং ইরান দুই দেশের সংস্কৃতিতেই গভীরভাবে রয়েছে। এইভাবেই আমেরিকার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। দীপাবলি উপলক্ষে ‘বন্ধু’ ভারত সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকেও শুভেচ্ছা জানিয়েছেন।
পাকিস্তান এবং বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী হিন্দুদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর বার্তা, ‘দীপাবলি আসলে ঘৃণা, দুঃখ এবং অন্যায়ের অন্ধকারের উপর আলোর বিজয়। পাকিস্তানে বসবাসকারী হিন্দুরা আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মহানন্দে এই দীপাবলি উৎসব পালন করুন, এই কামনা করি।’ দক্ষিণ কোরিয়া, জার্মানির তরফ থেকেও এসেছে দীপাবলির শুভেচ্ছাবার্তা।
