আসন্ন কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামোয় বরাদ্দ চায় রাজ্য সরকার। খুব শীঘ্রই শুরু হতে চলেছে বাজেটের প্রস্তুতি বৈঠক। শিল্পমহল ও বাণিজ্য সংগঠনগুলি ছাড়াও রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সেখানেই রাজ্যের তরফে পরিকাঠামোয় বরাদ্দ বৃদ্ধিতে জোর দেওয়ার দাবি জানানো হবে বলে সূত্রের খবর।
সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে পরিকাঠামো তালিকার যে দাবি জানানো হবে, তার একেবারে শীর্ষে রয়েছে ডানকুনি থেকে হরিয়ানা পর্যন্ত করিডর তৈরি। এর ফলে একদিকে যেমন যাতায়াতের মাধ্যম আরও মসৃণ হবে, তেমনই পণ্য পরিবহণের পথও সুগম হবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শিল্প ও বিনিয়োগের পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট হয়েছে। তবে তার জন্য উপযুক্ত জাতীয় স্তরের পরিকাঠামো নির্মাণ যে জরুরি, তা বুঝতে পারছে রাজ্য সরকার। আর সেই কারণেই, রাজ্যে পালাবদলের পর প্রথম কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো নির্মাণের ঘোষণা আদায় করতে চায় বিজেপি সরকার। এর পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় পরিকাঠামো, উন্নয়নমূলক পরিকাঠামো নির্মাণের ঘোষণার দাবি।
বিগত রাজ্য সরকারের আমলে সেভাবে উত্তরবঙ্গে সার্বিক উন্নয়ন হয়নি বলে দাবি বিজেপি নেতৃত্ব এবং রাজ্য সরকারের। আর সেই কারণেই উত্তরবঙ্গের সার্বিক পরিকাঠামো ঢেলে সাজাতে কেন্দ্রের ঘোষণার দিকে তাকিয়ে রয়েছে রাজ্য সরকার। মূলত উত্তরবঙ্গের জন্য বিশেষ উন্নয়নমূলক ঘোষণা এবং তার সঙ্গে ডানকুনি ও হরিয়ানার সংযোগকারী করিডর-এই দুটি ঘোষণা হলেই রাজ্যের পরিকাঠামো ক্ষেত্র অনেকটা অক্সিজেন পাবে বলে মনে করছে রাজ্যের অর্থ দপ্তর। পশ্চিমবঙ্গকে শিল্প, বিনিয়োগ, ব্যবসার দিক থেকে আকর্ষণীয় এবং বাণিজ্যমহলের গন্তব্য হিসাবে তুলে ধরতে হলে পরিকাঠামোর উপর জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছে রাজ্য সরকার। তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠনের পর পরিকাঠামো খাতে জোর দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার।
২০২৪-‘২৫ অর্থবর্ষে পরিকাঠামো খাতে বাজেট বরাদ্দ ছিল ১১.১১ লক্ষ কোটি টাকা। পরের বছর অর্থাৎ ২০২৫-‘২৬ অর্থবর্ষে সেই বরাদ্দের অঙ্ক বেড়ে হয়েছে ১১.২১ লক্ষ কোটি টাকা। ২০২৬-‘২৭ আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার পরিকাঠামো খাতে ১২.২২ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করে। ফলে পরপর তিনটি অর্থবর্ষে পরিকাঠামো খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৬-‘২৭ বাজেট ভাষণে শিলিগুড়ি-বারাণসী করিডরের ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার ডানকুনি থেকে হরিয়ানা পর্যন্ত করিডর চায় রাজ্য সরকার।
বিজেপির অভিযোগ, বিগত সরকারের আমলে জমিজট এবং রাজনৈতিক সদিচ্ছার কারণে কেন্দ্রের বরাদ্দ, উদ্যোগ থাকলেও বহু প্রকল্প আটকে রয়েছে। সেগুলির জট কাটিয়ে কাজ শুরুর পাশাপাশি নতুন প্রকল্পও চায় রাজ্য সরকার। চলতি মাসের ২০ তারিখের পরেই শুরু হয়ে যাবে বাজেট প্রস্তুতি। শিল্প, বাণিজ্য মহল, ব্যবসায়িক সংগঠন, কর বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে অর্থমন্ত্রক। ইতিমধ্যেই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের তরফে বাজেট প্রস্তাব জমা দেওয়া হয়েছে। তা নিয়ে আলোচনা সেরেছে অর্থমন্ত্রক। এর পরেই রাজ্যগুলির সঙ্গে বাজেট প্রস্তাব নিয়ে আলোচনা করবে অর্থমন্ত্রক। রাজ্যগুলির দেওয়া প্রস্তাব খতিয়ে দেখে এবং বিবেচনা করে বাজেটের খসড়া তৈরির কাজ শুরু হবে।