এবড়ো-খেবড়ো ইটের দেওয়াল। অস্থায়ী ছাউনি। মাটির মেঝে। অত্যন্ত সাধারণ ছাপোসা ঘর। সেই ঘরের মেঝে খুঁড়তেই চক্ষু চড়কগাছ পুলিশের। দেখা গেল, ঘরের মাটির নীচে লুকিয়ে রাখা বস্তা বস্তা গাঁজা। ঝাড়গ্রাম থানার শালবনির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে শালবনি অঞ্চলের চণ্ডীপুর গ্রামের বিশ্বজিৎ শীল নামে এক বাসিন্দার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাড়িতে হন্যে হয়ে খুঁজেও কিছু মেলেনি প্রথমে। তবে তল্লাশি চলাকালীনই ঘরের মেঝে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরই শুরু হয় মাটি খোঁড়া। খানিকটা মাটি সরাতেই দেখা যায়, থরে থরে সাজানো তিনটি বস্তা। মাটি সরিয়ে বস্তাগুলি বাইরে বরে করে পুলিশ। বস্তার মুখে খুলতেই বেরিয়ে আসে কেজি কেজি গাঁজা। পুলিশ সূত্রে খবর, তিনটি বস্তা থেকে উদ্ধার হয় মোট ৪৩ কেজি ২২২ গ্রাম গাঁজা। ঝাড়গ্রামের এসডিপিও ঋষভরাজ দেব জানান, এনডিপিএস আইনের ধারায় বিশ্বজিৎকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশের উদ্যোগের ঝাড়গ্রামে মাদকবিরোধী প্রচার চলছে। সেই সঙ্গে মাদক কারবার বন্ধ করতে দিকে দিকে চলছে অভিযান। শুক্রবার রাতে বিনপুর থানার পুলিশ এক যুবককে আটক করে ৩৭৪ গ্রাম গাঁজা উদ্ধার করে। বুধবার রাতে খড়্গপুর-চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে গাড়ি থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। দিন কয়েক আগে লালগড়ের বৈতায় এক মহিলাকে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় তিন কেজি গাঁজা।
