অন্ধকার কাটিয়ে সকালের আলো সবে ফুটেছে। উদীয়মান সূর্যের আরাধনায় ঘাটে ঘাটে পুণ্যার্থীদের ভিড়। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরেও ছট পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ আমচকা বদলে গেল বিষাদে! ঘাট থেকে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বছর ৫৫-র এক ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিনোদ নুনিয়া। পাণ্ডবেশ্বরের গাইঘাটা বস্তিপাড়া এলাকার ছট ঘাটে এই ঘটনা শোকের ছায়া।
পাণ্ডবেশ্বরের গাইঘাটা বস্তিপাড়ার ছোট ঘাটে প্রতি বছরই ছটপুজোর আয়োজন করা হয়। সোমবার ভোর থেকে সেই উপলক্ষে ঘাটে পুণ্যার্থীদের ভিড় ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জল থেকে উঠতে গিয়ে ভেজা ঘাটে পা পিছলে যায় সুমিতের। ওঠার জন্য বাঁশ ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু তার বদলে হাত পড়ে যায় বৈদ্যুতিক তারে। সঙ্গে সঙ্গে তড়িদাহত হন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আচমকা এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকা শোকস্তব্ধ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন পাণ্ডবেশ্বরের বিডিও-ও। তাঁরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা জানার চেষ্টা করেন। এই ঘটনার পিছনে কোনও গাফিলতি রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। প্রশাসনের তরফে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।