আইপিএলের নতুন মরশুমের আগেই দলের খোলনলচে বদলে ফেলল চেন্নাই সুপার কিংস (CSK)। আগেই স্টিফেন ফ্লেমিংকে সরিয়ে জাহির খানকে হেডকোচ হিসাবে ঘোষণা করা হয়েছিল। একে একে বিদায় করা হচ্ছিল ফ্লেমিংয়ের সহযোগীদেরও। এবার একযোগে তিন নতুন সাপোর্ট স্টাফের নাম ঘোষণা করলে সিএসকে ম্যানেজমেন্ট।
স্টিফেন ফ্লেমিংয়ের জমানায় চেন্নাই সাপোর্ট স্টাফে ছিলেন মাইক হাসি, এরিক সিমন্স, গ্রেগ কিং, টমি সিমসেক, শ্রীধরণ শ্রীরাম, জেমস ফস্টাররা। এদের মধ্যে শ্রীধরণ শ্রীরাম এবং জেমস ফস্টার ছাড়া বাকিদের ছেঁটে ফেলেছে সিএসকে। এবার তাঁদের জায়গায় নতুন কোচেদের নাম ঘোষণা করা হল। গুরুত্ব পেলেন অতীতে সিএসকের হয়ে খেলে যাওয়া তারকারাই।
জাহির খানের সহযোগী হিসাবে চেন্নাইয়ের সহকারী কোচ হলেন এলবি মর্কেল এবং গ্যারেথ বাটি। এঁদের মধ্যে মর্কেল দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত টানা সিএসকের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ধোনির চ্যাম্পিয়ন টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে সিএসকে গ্রুপের যে দল রয়েছে সেই জো’বার্গ সুপার কিংসের কোচিং স্টাফে রয়েছেন মর্কেল। মোহিত শর্মাও অতীতে একাধিক মরশুম চেন্নাইয়ের হয়ে খেলেছেন। ধোনির বিশ্বস্ত বোলারদের মধ্যে অন্যতম ছিলেন। গত বছর পর্যন্তও তিনি আইপিএলে খেলেছেন। ২০২৫ সালেই অবসর নেন। এবার ঢুকে গেলেন চেন্নাই কোচিং স্টাফে। অন্যদিকে গ্যারেথ বাটি ইংল্যান্ডের অফস্পিনার। ইংল্যান্ডের কাউন্টিতে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আসলে আইপিএলে শেষ ৩ বছর ভালো যায়নি চেন্নাইয়ের। সফলতম দল হয়েও ট্রফি জেতা তো দূর প্লেঅফ পর্যন্তও পৌঁছতে পারেনি সিএসকে। তাই ভাগ্য বদলাতে এবার গোটা কোচিং স্টাফ বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সিএসকে ম্যানেজমেন্ট। জাহির খান এবার সম্পূর্ণ নতুন টিম নিয়ে কাজ করবেন।
